বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণে কমিটি গঠন
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাসণ্ডমিনিবাসসহ পরিবহন খাতে ভাড়া পুনঃনির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি আগামী দশ দিনের মধ্যে ভাড়া বৃদ্ধির হার পুনঃনির্ধারণের জন্য প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে।
কমিটির সুপারিশ পেশের এই অন্তর্বর্তীকালীন সময়ে বাসণ্ডমিনিবাস ও অন্যান্য জন পরিবহনে কোন প্রকার ভাড়া বৃদ্ধি করা যাবে না।
যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে আগামী দশ দিনের মধ্যে বাস-মিনিবাসের ও অন্যান্য পরিবহনের ভাড়া বৃদ্ধির হার পুনঃনির্ধারণের সুপারিশ পেশ করবে।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, বাংলাদেশ বাসণ্ডট্রাক মালিক সমিতির চেয়ারম্যান জি এম সিরাজ এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব মুহাম্মদ আশরাফ খান, অতিরিক্ত মহাসচিব মোঃ সাইফুল আলমসহ বিভিন্ন পরিবহন মালিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। বৈঠকে যোগাযোগ সচিব মোঃ শফিকুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান ফারুক আহমদ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
