বুড়িগঙ্গাকে অবৈধ দখলমুক্ত করতে কামরাঙ্গীর চরে উচ্ছেদ অভিযান
বুড়িগঙ্গাকে অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বুধবার কামরাঙ্গীর চরে ওয়াপদা ভেড়ি বাঁধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোঃ রকিবুল হাসান এর নেতৃত্বে এক প্লাটুন পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলি মোঃ ইকবাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বুড়িগঙ্গা নদী তীর সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০০৩-০৪ অর্থবছরে ২৫ কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার দীর্ঘ বাঁধ তৈরির কাজ শুরু করে। ইতোমধ্যে দু’কিলোমিটার বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে বাঁধের ওপর বেশ কিছু বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা অবৈধভাবে গড়ে উঠেছে।
বাঁধকে রক্ষা করার লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ৫৪টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। এগুলোর মালিকদের এপ্রিলের ২৪ তারিখ এক নোটিশের মাধ্যমে এসব স্থাপনা সাত দিনের মধ্যে সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানানো হয়।
বাঁধের ওপর থেকে নূর মসজিদ, জামিয়া আলীবিয়্যা আশ্রাফুল উলুম ক্যাডেট মাদ্রাসা, মেঘনা সল্ট মিল ও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর উচ্ছেদ করা হয়।
