২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে রেজিঃবিহীন মোটর সাইকেল আটকে লাভবান বিআরটিএ’র কতিপয় কর্মচারী

নীলফামারীতে মোটর সাইকেল মালিকদের কাছ থেকে প্রকাশ্যে উৎকোচ আদায় করা হচ্ছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল আটকের অভিযানে উৎকোচ নিয়ে লাভবান হচ্ছে নীলফামারী বিআরটিএ’র কেরানীসহ এক শ্রেণীর কর্মচারী।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বিআরটিএ অফিসে গিয়ে দেখা গেছে, রেজিস্ট্রেশন করতে আসা শত শত মানুষের চরম হয়রানি।

সূত্র জানায়, ব্রাকের আঞ্চলিক সমন্বয়কারী (স্বাস্থ্য) তার অফিসের ১২টি মোটর সাইকেলের রেজিস্ট্রেশনের জন্য ৬ হাজার টাকা ঘুষ দিয়ে দীর্ঘদিন ঘুরেও সফল হননি। বিআরটিএ আরও তিন শ’ টাকার জন্য রেজিস্ট্রেশনের কাগজপত্র আটকে রাখায় মঙ্গলবার বিআরটিএ অফিসে ব্র্যাকের কর্মকর্তার সাথে কেরানীর বাদানুবাদে অপ্রীতিকর ঘটনা ঘটে। এসময় বিআরটিএ কেরানী প্রকাশ্যে চিৎকার করে বলতে থাকেন, ‘আগে ডিমান্ড ফুলফিল করেন, তাহলে রেজিস্ট্রেশনের কাগজপত্র পাবেন।’

জানা যায়, নীলফামারীতে বিআরটিএ’র স্থায়ী অফিস না থাকায় সপ্তাহে একদিন (মঙ্গলবার) রংপুর থেকে একজন কেরানী পাঠিয়ে এ জেলার মোটরযান রেজিস্ট্রেশন সম্পর্কিত যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। গত একমাস ধরে পুলিশ রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল আটকের অভিযান শুরু করায় বিআরটিএ অফিসে শত শত মানুষ প্রতি কার্যদিবসে রেজিস্ট্রেশন করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এ সুযোগে নীলফামারীর বিআরটিএ কেরানী তার ইন্সপেক্টরের নাম ভাঙিয়ে মোটর মালিকদের কাছে রেজিস্ট্রেশনের জন্য মোটা অংকের উপরি আদায় করছেন। এতে সহায়তা করছে ওই অফিসের পার্শ্ববর্তী জেলা প্রশাসকের দপ্তরের কয়েকজন কর্মচারী।

কয়েকজন মোটর সাইকেল মালিক বিডিনিউজ সাথে আলাপকালেও এ ধরনের অভিযোগ করেছেন।