২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় বাড়ির ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহত ৫ জন

রাজধানীর উত্তরায় মঙ্গলবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান একটি টিন শেড বাড়ির ওপর দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এতে একজন গৃহবধূসহ গুরুতর আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। এটি একটি চীনের তৈরী এফ-৭ প্রশিক্ষণ বিমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 04:03 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

দমকল বাহিনী জানায়, বিমানটি টিনশেড বাড়ির ওপর বিধ্বস্ত হলে আশপাশের চার পাঁচটি বাড়িতে আগুন ধরে যায়। বিমানটির বৈমানিক সামান্য আহত হন।

আইএসপিআর ও পুলিশ জানায়, বেলা ১২টা ১০ মিনিটের দিকে উত্তরার সয়দাবাদে বিমানবাহিনীর ওই প্রশিক্ষণ বিমানটি একটি একতলা টিনশেড বাড়ির ওপর বিধ্বস্ত হয়। বিমানটিতে আগুন ধরে গেলে আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফলে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় কমপক্ষে পাঁচজন। আহতদের ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার আগেই এর বৈমানিক ফ্লাইট লেফটেনেন্ট আহসানুল কবির প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন। ফলে তিনি অল্পের জন্যে প্রাণে বেঁচে যান।

নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।