২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চালককে হত্যা করে চালভর্তি ট্রাক ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ত্রিবদী এলাকায় রোববার গভীর রাতে এক ট্রাক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে হত্যা করে চালভর্তি ট্রাক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম টুলু মিয়া (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

অপরদিকে সংজ্ঞাহীন অবস্থায় হেলপার মোহাম্মদ আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নাটোরের বনপাড়া থেকে ১২৮ বস্তা চাল নিয়ে ট্রাকটি (খুলনা, মেট্রো-ট-১১-০৩৬৯) কুমিল্লা যাচ্ছিল। মাঝপথে ঢাকার কারওয়ান বাজার থেকে ট্রাকে নারিকেল তোলা হয়। এ সময় রাস্তায় নেমে যাওয়ার অজুহাতে যাত্রী হিসেবে সাত ডাকাত ট্রাকে ওঠে। ট্রাকটি সোনারগাঁও থানার ত্রিবদী এলাকায় পৌঁছলে ডাকাতরা নামার কথা বলে ট্রাকটি থামায়। ট্রাকটি থামানোর পরপরই তারা ট্রাক চালক ও হেলপারকে মারধর করে নিচে নামিয়ে জোর করে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়। তারপর চালভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

অতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য প্রয়োগের ফলে ঘটনাস্থলেই চালক টুলু মারা যায় এবং হেলপার গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টুলুর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আহত হেলপার মোহাম্মদ আলীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।