বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কমিশনের সিনিয়র কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কমিশনের সিনিয়র কর্মকর্তাদের বৈঠক সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
নগরীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইসমাইল জাবিউল্লাহ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মহাসচিব হাজী সেলিম বিন হাশিম মালয়েশীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রাণালয় এবং সংস্থার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংকিং, যুব ও ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি, স্বাস্থ্য ও পর্যটনসহ বাংলাদেশ ও মালয়েশিয়ার সকল দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপনের জন্য সোমবারের বৈঠকের সিদ্ধান্ত সমূহের একটি খসড়া প্রস্তুত করা হয়।
