২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র বাংলাদেশে কোটি কোটি ডলার খরচ করছে, ব্যবহার করছে শীর্ষ সন্ত্রাসীদের: জিজ্ঞাসাবাদে আরমান

বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র কোটি কোটি ডলার খরচ করছে।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ব্যবহার করছে বাংলাদেশের কুখ্যাত ও পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের। আর এই সন্ত্রাসীদের যারা বিদেশী চক্রের কাজে সহায়তা করছে না তাদের ফাঁদে ফেলে ধরিয়ে দেওয়া হচ্ছে। না হয় গুপ্ত হত্যা বা ‘গ্যাং কিলিং’ এর মাধ্যমে খতম করা হচ্ছে।

রিমান্ডের দ্বিতীয় দিনে শীর্ষ সন্ত্রাসী আরমান খানের দেওয়া এ তথ্যে গোয়েন্দা সংস্থার সদস্যরা হতবাক হয়ে পড়েন।

র‌্যাব এবং গোয়েন্দা সূত্র জানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদে আরমান বাংলাদেশের মাটিতে বিদেশী চক্রের নীল নকশা ফাঁস করে দিয়েছে। এসব চক্র কেন এবং কি উপায়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, কাদের ব্যবহার করছে এবং এসব কাজে কি পরিমান অর্থ ব্যয় করছে তার বিস্তারিত তথ্য জানিয়েছে কুখ্যাত সন্ত্রাসী আরমান।

জিজ্ঞাসাবাদে সে অতীতে দেশের বিভিন্ন স্থানে বিষ্ফোরক ও অস্ত্র উদ্ধার এবং এসব অস্ত্র চোরাচালানের সাথে জড়িতদের ‘প্রোফাইল’ প্রকাশ করায় নড়েচড়ে বসেছে প্রশাসন।

এদিকে শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার হওয়ার পরপরই গা ঢাকা দিয়েছে ডাক সাইটে অনেক ব্যবসায়ী। একজন সংসদ সদস্য আরমানের সাথে তার সংশ্লিষ্টতা ঢাকতে ইতিমধ্যে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যায়।

সুত্র জানায়, এর আগে কোন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পর আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলোর এতো ব্যাপক তৎপরতা দেখা যায়নি। আরমানের দেওয়া তথ্য মতে, দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে খুলনা অঞ্চলে জালের মতো ছড়িয়ে পড়েছে সাদা পোশাকের গোয়েন্দারা। খুটিনাটি যাচাই বাছাই করা হচ্ছে আরমানের দেওয়া তথ্যগুলোর।

জিজ্ঞাসাবাদে আরমান এতোদিন কোন কোন এলাকায়, কাদের শেল্টারে আত্মগোপন করেছিলো তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশে কোন কোন প্রভাবশালী ব্যক্তি এবং এমপি কি নামে তাকে পাসপোর্ট করে দিয়ে দেশ ত্যাগে সাহায্য করেছিলো তাও জানিয়েছে সে। গোয়েন্দারা এসব তথ্য যাচাই করে আরমানের বক্তব্যের সত্যতাও খুজে পেয়েছে বলে সূত্র জানায়।

এদিকে যে বাসা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়েছিলো পুলিশ তার মালিকের পুত্রকে খুজছে। তার সঙ্গে আরমানের কোন সংশ্লিষ্ট আছে কিনা তাও খতিয়ে দেখছে বলে জানা যায়। এছাড়া মনোরমা এপার্টমেন্টের কোন ফ্ল্যাটে কারা থাকে তাদের পূর্ণ তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানা যায়। তদন্তের স্বার্থে ফ্ল্যাট মালিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্র জানায়।

যৌথ তদন্ত সেলের জিজ্ঞাসাবাদে আরমান জানায়, আত্মগোপনকালে তাকে বিভিন্ন সময়ে মগবাজারের বিশাল সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসির অর্থ পৌঁছে দিতো। তার স্বীকারোক্তির মোতাবেক পুলিশ নাসিরকে গ্রেপ্তারের জন্য নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আরমান ২০০৩ সালের ১ ডিসেম্বরে বাড্ডার কুড়িলে অস্ত্র উদ্ধার, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলায় কারা কারা সংশ্লিষ্ট ছিলো ইত্যাদি বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করায় সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে।

কুড়িলের স্থানীয় ওয়ার্ড কমিশনার হযরত আলীর মালিকানাধীন ‘তুলির পরশ’ নামক দোকান থেকে পুলিশ চারটি একে-৪৭ রাইফেল, ৯৯০ রাউন্ড গুলি, দুইটি বিদেশী রিভলবার এবং এর সাত রাউন্ড গুলি, ২০ টি গ্রেনেড, ২ কেজি প্লাস্টিক বিস্ফোরক, চারটি টাইম বোমা, ৫০০ গ্রাম গান পাউডার, ছয়টি বৈদ্যুতিক ডেটেনেটর একটি ওয়াকিটকি উদ্ধার করে।

আরমান গ্রেপ্তার হওয়ার পর র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সাবেক আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কমিশনার মোখলেসুর রহমান এবং আরমানের পিতাসহ বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।

গত শুক্রবার (৩ জুন) ধানমন্ডির ২৯ নম্বর রোডের ১৪/এ মনোরমা এপার্টমেন্টের ৫ম তলা থেকে আরমানকে একটি জার্মান কার্ল ওয়ালথার, ইংল্যান্ডের তৈরি একটি পেট্রো ব্যারেটা এবং ইটালির তৈরি একটি ওবেলি এন্ড স্কট রিভলবার ও ১৬৮ রাউন্ড গুলি সহ আটক করা হয়। কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে পরদিন তার গ্রেপ্তারের খবর স্বীকার করে র‌্যাব। অস্ত্র আইনে মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।