২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ মন্ত্রী ও র‌্যাব প্রধানসহ ১৫ জনের বিরুদ্ধে সুমনের মা’র মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

র‌্যাবের ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ওরফে সুমনের মা আমেলা খাতুন ছেলে হত্যার অভিযোগে সোমবার দু’জন মন্ত্রী, র‌্যাবের মহাপরিচালক এবং কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মামলার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুহাম্মদ মুজিবুল হক এর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ সফর রাজ হোসেন, র‌্যাবের মহাপরিচালক আবদুল আজিজ সরকার, র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও), সেকেণ্ড ইন কমাণ্ড, ঢাকা মহানগর ছাত্রদলের সহসভাপতি (দক্ষিণ) রুবেল এবং র‌্যাবের আরও আট সদস্য।

র‌্যাবের সহায়তায় ওই দুই মন্ত্রী, ছাত্রদল নেতা ও সরকারি কর্মকর্তারা পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে বলে সুমনের মা পিটিশনে অভিযোগ করেন।

তিনি উল্লেখ করেন, সুমন ছাত্রদল থেকে ছাত্রলীগে যোগ দিলে তাকে হত্যা করতে পূর্তমন্ত্রী মির্জা আব্বাস স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আলোচনা করেন।

তিনি আরও অভিযোগ করেন, র‌্যাব-৩’র সদস্যরা সুমনকে তার দোকান থেকে তুলে নিয়ে যায় এবং পরিকল্পনা অনুযায়ী গুলি করে হত্যা করে।

সুমনের মা অভিযোগে বলেন, সুমনকে গেফতারের পর তিনি র‌্যাব’র টিকাটুলি অফিসে ছেলে সঙ্গে দেখা করতে যান। কিন্তু র‌্যাব সদস্যরা তাকে সুমনের সঙ্গে দেখা করতে দেয়নি। উল্টো তার সঙ্গে বাজে ব্যবহার করে।

খিলগাঁও ফ্লাইওভার থেকে একটি লুপ বাদ দেয়ার প্রতিবাদে গত ৬ মে জুমার নামাজের পর লিফলেট বিলি করার সময় ছাত্রদল ক্যাডাররা সুমনকে হুমকি দেয় বলেও তিনি পিটিশনে উল্লেখ করেন।