২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধান জেনারেল মশহুদ চৌধুরীর বিভিন্ন সেনানিবাসে বিদায়ী পরিদর্শন শুরু

সেনাবাহিনী প্রধান লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী বিভিন্ন সেনানিবাসে বিদায়ী পরিদর্শন শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে রীতি অনুযায়ী বিদায়ের আগে সেনাপ্রধানগণ বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করেন।

সোমবার জেনারেল মশহুদ সাভার ও টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাস পরিদর্শন করেন। সেখানে তিনি তার সম্মানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাভার সেনানিবাসে সেনা প্রধানকে স্বাগত: জানান এরিয়া কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল আমিনুল করিম।

এছাড়া ঘাটাইল সেনানিবাসে তাকে স্বাগত: জানান এরিয়া কমান্ডার এবং ১৯ তম পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মুহাম্মদ ইশতিয়াক।

দুটি সেনানিবাসেই জেনারেল মশহুদকে পৃথক দুটি চৌকস দল গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে তিনি সেখানে সর্বস্তরের সৈনিকদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য রাখেন।

সেনাপ্রধান পদে তিন বছর দায়িত্ব পালন শেষে আগামী ১৫ জুন তিনি অবসরে যাবেন। জেনারেল মশহুদ গত ২০০২ সালের ১৬ জুন সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।