২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রদের ভূমি অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে ১০ জুন দেশব্যাপি ভূমি অধিকার দিবস উদ্যাপনের আহ্বান

গ্রামীণ ও নগর দরিদ্রদের ভূমি অধিকার প্রতিষ্ঠা এবং কৃষি সংস্কারের দাবি নিয়ে ১০ জুন দেশব্যাপি ভূমি অধিকার দিবস উদ্যাপনের আহ্বান জানিয়েছে ভূমি অধিকার দিবস জাতীয় উদ্যাপন পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 04:50 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পরিষদ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপি কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচির মধ্যে রয়েছে ৭ জুন বিভিন্ন উপজেলায় ভূমিহীনদের সমাবেশ এবং ডিসি ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ এবং ১০ জুন পাবনার ঘুঘুদহ বিলপাড়ে ভূমিহীন নারী-পুরুষের মহাসমাবেশ।

সংবাদ সম্মেলনে উদ্যাপন পরিষদের সদস্য সচিব ও সমতার নির্বাহী পরিচালক মো. আবদুল কাদের লিখিত বক্তব্য পেশ করেন। বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদ সদস্য শামসুল হুদা এবং গ্রামীণ উন্নয়ন দারিদ্র্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন।

বক্তাগণ তাদের আটাশ দফা দাবি বাস্তবায়নের জন্যে সরকারের সংশ্লিস্ট মহলের প্রতি দাবি জানিয়েছেন। দাবিসমূহের মধ্যে রয়েছে-সকল খাসজমি নীতিমালা অনুযায়ী প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন নিশ্চিত করা, খাসজমি বন্টন ও ব্যবস্থাপনা কমিটিতে নাগরিক সমাজ ও ভূমিহীনদের প্রতিনিধিত্ব বাড়ানো,বস্তি থেকে নগর দরিদ্রদের উচ্ছেদ বন্ধ এবং সহজ কিস্তির মাধ্যমে খাস জমিতে বাসস্থানের ব্যবস্থা করা।

এছাড়া বাজেটে দরিদ্রদের তালিকা করে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করারও দাবি জানান।

তারা বলেন, উচ্ছেদ কোনো সমাধান নয়, উচ্ছেদ মানুষের বিপর্যয় ঘটায়। এক্ষত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।

এ সময় অন্যান্যের মধ্যে সমতার সুলতানা রুবি, মিজানুর রহমান এবং জাহিদ রহমান উপস্থিত ছিলেন।