২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার বন্দি বেচাকেনার হাট

কুমিল্লা জেলার কেন্দ্রীয় কারাগারটি বর্তমানে বন্দি কেনাবেচার হাটে পরিণত হয়েছে। একজন বন্দি এখানে কয়েক দফায় বেচাকেনা হয়। কারাগারের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ও সাজাপ্রাপ্ত কয়েদি নেতাদের যোগসাজশে বন্দিদের ঘিরে চলছে এ অবৈধ বাণিজ্য।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জেল ফেরত বন্দিদের কাছ থেকে এ ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। কোন বন্দি প্রথমবারের মতো জেলখানার প্রধান ফটক অতিক্রম করার পর প্রথমদিন তার স্থান হয় আমদানি সেলে। প্রচণ্ড গরমে আমদানি সেলে ঠাসাঠাসি করে থাকার কারণে একজন বন্দির মানসিক শক্তি দুর্বল হয়ে পড়ে। ভেতরে রাইটার বা সুবেদার যা বলে তারা তা মানতে বাধ্য থাকে।

পরদিন ভোর বেলা বন্দিদের হাজির করা হয় জেলারের সামনে। তিনি বন্দিদের শ্রেণী বিভাগ ঠিক করেন। তারপর তাদের দায়িত্ব চলে যায় সুবেদারের হাতে। এখান থেকেই শুরু হয় বেচাকেনা।

জানা যায়, বেচাকেনার প্রথম স্তরে একজন রাইটার নির্দিষ্ট মূল্যে সুবেদারের কাছ থেকে একজন বন্দিকে কিনে নেয়। পরে সে বন্দির কাছ থেকে ওই টাকা আদায় করে।

সাধারণভাবে আমদানি থেকে কেনা বন্দিকে যদি কুমিল্লা কারাগারের স্বর্গরাজ্য নামে চিহ্নিত মেডিক্যাল সেলের রাইটার কিনে নেয় তবে তার মূল্য তিন থেকে পাঁচ’শ টাকা পর্যন্ত হয়। ওয়ার্ডগুলোতে বন্দিরা কম দামেই বিক্রি হয়, মাত্র ৫০ থেকে ১০০ টাকায়। বন্দি নেশাখোর হলে আবার তাকে কেউ নিতে চায় না। আর বেচাকেনার এ পুরো ব্যাপারটি ঘটে বন্দিদের অজান্তে।

এছাড়া, জেলখানায় টাকার বিনিময়ে ভালো খাবার সরবরাহ করা হয়ে থাকে। ভালো খাবার খেতে বন্দিরা বাড়িতে টাকার জন্য চিঠি লিখে। এ চিঠি জেলের লোকেরা কিংবা তাদের দালালরা বন্দিদের বাড়িতে পৌঁছে দেয় ও টাকা নিয়ে আসে। আর এ জন্য তারা ২০ শতাংশ কমিশন পায়। জেল ফেরত একাধিক ভুক্তভোগী জানান, প্রতিদিনই জেলের ভিতরে এ জাতীয় অসংখ্য ঘটনা ঘটছে। শুধু এ খাতেই প্রতিমাসে অর্ধ লক্ষাধিক টাকার লেনদেন হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, জেল ফটকের বাইরে জেল পুলিশদের একটি অসাধু চক্র বন্দিদের আত্মীয়-স্বজন ও দর্শণার্থীদের কাছ থেকে অবৈধভাবে বিনা রশিদে বহু টাকা হাতিয়ে নেয়। টাকা কম দিলে বন্দিদের সাথে দেখা হবে না কিংবা জেলের ভিতরে বন্দিদের অত্যাচার করা হবে বলে হুমকি এবং ভয়ও দেখানো হয়।

জেলখানায় অবস্থানরত কয়েদিদের সঙ্গে সাক্ষাতের জন্য নির্দিষ্ট ফরম ও ফি নির্ধারিত থাকার পরেও কারা কর্তৃপক্ষের এক শ্রেণীর অসাধু লোক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাকের ডগায় এ অপকর্মগুলো দীর্ঘদিন যাবত চালিয়ে আসছে।