নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে অবাধে চিংড়ি পোনা নিধন চলছে
নোয়াখালী উপকূলীয় অঞ্চলের মেঘনা মোহনায় অবাধে চিংড়ি পোনা শিকারের মহোৎসব চলছে। বিশেষ করে হাতিয়া দ্বীপ এলাকা ও নোয়াখালী সদরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এ পোনা আহরণ চলছে ব্যাপক হারে।
জানা যায়, সংশ্লিষ্ট মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সামনে দিয়েই ঘটছে এ অবৈধ কর্মকাণ্ড। সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সুবিধা দিয়ে এক শ্রেণীর মহাজনরা চিংড়ি পোনা আহরণকে কেন্দ্র করে বি¯তৃর্ণ উপকূলীয় এলাকার বিভিন্ন নদীর ঘাটে বসিয়েছে চিংড়ি পোনা সংগ্রহের আড়ত। এ আড়ত থেকে এসব পোনা পিকআপ, মাইক্রোবাস ও বাসের ছাদে করে বড় বড় অ্যালুমোনিয়ামের পাতিলে চালান করা হচ্ছে খুলনা বাঘেরহাট অঞ্চলে। এসব আড়তদারদের মদদ দিচ্ছে উপকূলীয় অঞ্চলের এক ধরনের মাস্তান ও সন্ত্রাসীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব চিংড়ি পোনা আহরণ করছে বেশির ভাগ ক্ষেত্রে নদী পাড়ের ছোট ছোট শিশুরা। চিংড়ি পোনা আহরণের সময় নদীতে পেতে রাখা মশারিতে অন্যান্য মাছের যে পোনাগুলো উঠে আসছে তা তারা ডাঙ্গায় ফেলে দিচ্ছে। এতে পঁচা গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে।
বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ পোনা আহরণ অব্যাহত থাকে। মূলত জুন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পোনা আহরণের জমজমাট মৌসুম। এ সময় চিংড়ি পোনা আহরণের নামে নদী এলাকায় মশারি জাল দিয়ে নিধন করা হয় সামুদ্রিক মাছের পোনা।
এক পরিসংখ্যানে দেখা গেছে, হাতিয়া উপজেলার বিস্তীর্ণ তটরেখায় বর্তমানে প্রায় ১৫ হাজার মশারি জাল দিয়ে পোনা আহরণ চলছে। প্রতিদিন প্রতিটি জালে গড়ে দু’শ পোনা ধরা পড়ে। প্রতি শ’ পোনা গড়ে পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হয়। কিন্তু প্রতিটি চিংড়ি পোনা তুলতে গিয়ে শিকারীরা অবলীলায় ধ্বংস করছে কমপক্ষে পঞ্চাশটি অন্যান্য মাছের পোনা। এই হিসাবে একজন পোনা শিকারী হাতিয়া উপকূলে প্রতিদিন দু’শ চিংড়ি পোনা ধরতে গিয়ে নিজের অজান্তে নষ্ট করছে দশ হাজার অন্যান্য মাছের পোনা। এভাবে পনের হাজার পোনা শিকারী প্রতিদিন নষ্ট করছে লাখ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছের পোনা। মশারি জাল ছাড়াও হাতিয়া উপকূলের চারদিকে কারেন্ট জাল দিয়ে অসংখ্য ছোট আকৃতির মাছ শিকার করা হচ্ছে। পোনা আহরণের ক্ষেত্রে মৎস্য বিভাগের সুনির্দিষ্ট আইন থাকলেও পোনা আহরণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
