বুড়িমারী স্থলবন্দরে অবকাঠামোগত সুবিধা নেই, আমদানি-রফতানি হুমকির মুখে
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরটির অবকাঠামোগত সুবিধা না থাকার কারণে বর্তমানে এ পথে আমদানি-রফতানি ঝুঁকিপূর্ণ ও হুমকির সম্মুখীন । অথচ এ স্থল বন্দর দিয়ে বছরে ৫০ কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে।
বন্দরটি চালু হওয়ার পর প্রায় দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও এখানে এখনও ওয়্যারহাউজ, কাস্টমস অফিস, বন্দর এলাকা ডিমার্কেশন, ইমিগ্রেশন অফিস, ব্যাংক সুবিধাসহ ট্রেজারী অফিস, স্টাফ কোয়ার্টার নির্মিত হয়নি। আমদানি পণ্য ওজনের ক্ষেত্রে মনগড়া নিয়ম চালু করা হয়েছে। ৬ চাকার ট্রাকে মাল যাই থাকুক না কেন ওজন হবে ২২ টন এবং ১০ চাকার ট্রাকে ৩২ টন। এরকম নিয়মনীতি চালু করার ফলে বন্দরের ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
লালমনিরহাট জেলার উত্তরাংশে অবস্থিত বুড়িমারী স্থলবন্দরটির কার্যক্রম মূলত ১৯৮৮ সালে শুরু হয়। এ স্থলবন্দর দিয়ে সর্বপ্রথম ভুটান সরকার তার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারতের কাছ থেকে ট্রানজিট সুবিধা নিয়ে বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য শুরু করে। ভুটানের রাজধানী থিম্পুর দূরত্ব বুড়িমারী থেকে মাত্র ৭০ কিলোমিটার। এজন্য ভুটান সরকার তাদের দেশের উৎপাদিত দ্রব্য এবং ফলফলাদি বিশেষ করে আপেল, কমলা, আঙ্গুর, টমেটো, মালটা, কিসমিস ও বিভিন্ন প্রকার কৌটাজাত জুস বাংলাদেশে রফতানির জন্য ১৯৮৮ সাল থেকে বন্দরটি ব্যবহার শুরু করে।
পরবর্তীতে ভারত ও নেপাল থেকে বিভিন্ন পণ্য আমদানি ও রফতানির জন্য এই বন্দর ব্যবহার করা হয়। বর্তমানে বাণিজ্যিক সুবিধার কারণে ভারত তাদের বিভিন্ন পণ্য রফতানির জন্য এই বন্দরকে বেছে নিয়েছে। ফল ছাড়াও বন্দরটি দিয়ে ডলোমাটটি পাউডার, বোল্ডার পাথর, গম, চাল, ভুট্টা, পিঁয়াজ, মরিচ, লিমিনেটেড সীড, কয়লা, আলু বিভিন্ন প্রকার মসলা, কাঠ ইত্যাদি আমদানি করা হয়ে থাকে। অন্যদিকে তুলা, গার্মেন্টস সামগ্রী, মেলামাইন সামগ্রী, ক্রোকারিজ, ইলিশ মাছ এ বন্দর দিয়েই রফতানি করা হয়।
প্রতি বছর সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় করার পরও বুড়িমারী স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ব্যবসায়ীরা ভীষণ ক্ষুব্ধ। স্থল বন্দরে নেই কোনও ট্রেজারিসহ ব্যাংকিং সুবিধা। লেনদেন করার জন্য প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের পাটগ্রামে সোনালী ব্যাংকে তাদেরকে ব্যাংকিং-এর যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে হচ্ছে।
এছাড়া ট্রাক টার্মিনাল সুবিধা না থাকার কারণে ট্রাকগুলো রাস্তার ওপর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। ফলে যানজট সব সময় লেগেই আছে। কিছুদিন আগে এনবিআরের চেয়ারম্যান স্থলবন্দরটি পরিদর্শন করেন। এসময় বন্দরের সিএন্ডএফ এজেন্টরা তাদের সমস্যাগুলোর কথা তার কাছে তুলে ধরেন।
সিএন্ডএফ এজেন্ট এমতিয়াজ আহমেদ বিডিনিউজকে জানান, এই বন্দরের অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা না থাকার ফলে এখানে ব্যবসা-বাণিজ্য করা বর্তমানে হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে। এছাড়া এলসি খুলতে হলে রংপুর যেতে হয়। ফলে লেনদেন করতে চরম অসুবিধা ও হয়রানির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের। বর্তমানে পাটগ্রাম একটি প্রাইভেট এনসিসি ব্যাংক চালু হলেও বন্দর থেকে এর দূরত্ব বেশি হওয়ায় তেমন সুবিধা পাওয়া যাচ্ছে না।
মালামাল ওজনের ক্ষেত্রে বর্তমানে ৬ চাকার ট্রাকের ওজন ২২ টন ও ১০ চাকা ট্রাকের ওজন ৩২ টন নির্ধারণ করার ফলে ব্যবসায়ীরা কঠিন বিপাকে পড়েছে।
স্থলবন্দরে কর্মরত এসি আবিদ হোসেন ঢালী বিডিনিউজকে জানান, পণ্য ওজনের ব্যাপারে ৬ চাকা ও ১০ চাকা ট্রাকের ওজনের নিয়ম তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেননি। এটা কর্তৃপক্ষের নির্দেশেই করা হয়েছে। তিনি আরও বলেন, ২০০৪-২০০৫ অর্থ বছরে এ স্থলবন্দরে রাজস্ব আয় গত ৬ মাসে টার্গেটের চেয়ে প্রায় ৬ কোটি টাকা বেশি হয়েছে। বছরে ৫০ কোটি টাকা টার্গেট ধরা হলেও আয় হবে আরও অনেক বেশি।
সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি হাসানুজ্জামান হাসান বিডিনিউজকে জানান, প্রতি বছরই টার্গেটের চেয়ে বেশি রাজস্ব আদায় হলেও বুড়িমারী স্থলবন্দরের অবকাঠামোগত কোনও উন্নয়ন করা হয়নি। বন্দরে বিভিন্ন সমস্যা সমাধান ও ৬ চাকা এবং ১০ চাকা ট্রাকের ওজনের ব্যাপারে যে আইন করা হয়েছে তা বাতিল করাসহ বুড়িমারী স্থলবন্দরকে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসাবে চালু করার দাবি জানান।
