কিশোরগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর টেন্ডার-কেলেঙ্কারীতে নিমজ্জিত
জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ঘটছে একের পর এক টেন্ডার কেলেঙ্কারীর ঘটনা। এ নিয়ে সংঘর্ষও হয় প্রায়ই। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে প্রভাবশালীরা আধিপত্য বিস্তারের মাধ্যমে টেন্ডার ভাগাভাগি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
ইতোপূর্বে একাধিক জাতীয় দৈনিকে এ ব্যাপারে খবর প্রকাশিত হলেও এর কোনও প্রতিকার হয়নি। গত ৩ জুন জেলা ছাত্রদলের সহ-সভাপতি খসরুজ্জামান শরীফ নিজ দলের একাংশের বিরুদ্ধে টেন্ডার কেলেঙ্কারীর অভিযোগের কারণে পদত্যাগ করেছেন।
টেন্ডার কেলেঙ্কারীকে কেন্দ্র করে গত ৩০ মে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এক সংঘর্ষে প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত ও আহত হয়েছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক সৈয়দ ফায়াদ হাসান বাবু ও জেলা ছাত্রদলের সহসভাপতি আলি হায়দার রনক। সেসময় রনকের একটি মোটর সাইকেলও ভাংচুর করা হয়।
ঠিকাদার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন বছরে কিশোরগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রায় ২০ কোটি টাকার কাজ ভাগ করে নিয়েছে অভিযুক্ত ওই প্রভাবশালী গ্রুপটি।
দীর্ঘ দিন ধরেই এসব হরিলুটের কাজকারবার চলছে। অভিযোগ রয়েছে গত বছরের মে মাসে উক্ত অধিদপ্তরের দেড় কোটি টাকার ঠিকাদারির কাজ ক্ষমতাসীন দলের প্রভাবশালী কয়েকজন ছাত্র ও যুবনেতা সাড়ে ৭ লাখ টাকার বিনিময়ে প্রভাবশালী ঠিকাদারদের মধ্যে ভাগাভাগি করে দেয়। সিডিউল জমা দেওয়ার আগের দিন তারা বিক্রিত ৩৬৫টি টেন্ডার কৌশলে কব্জা করে ওইসব প্রভাবশালী ঠিকাদারদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেয়। বিনিময়ে তারা প্রায় ১০ লাখ টাকা পায় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে এভাবে গত তিন বছরে উক্ত অধিদপ্তরের প্রায় ২০ কোটি টাকার কাজ অন্তত এক কোটি টাকার বিনিময়ে ভাগাভাগি করা হয়েছে।
সূত্র জানায়, অবৈধ পন্থায় ঠিকাদারি কাজ ভাগের বিরোধিতা করায় প্রভাবশালী মহলটির হাতে সম্প্রতি লাঞ্চিত হয়েছেন দু‘জন ঠিকাদার। এরা হলেন, জেলা বিএনপি‘র সাবেক আহবায়ক সাংসদ মজিবুর রহমান মন্জুর ছোট ভাই আবু-বকর সিদ্দিক ডালহৌসী এবং ঠিকাদার শহিদুল হক লাভলু। উভয় ঘটনায় পৃথক পৃথক মামলাও হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করার পরও কোনও প্রতিকার পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, প্রভাবশালী গ্রুপটির হাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জিম্মি হয়ে পড়েছে। কাজ ভাগাভাগি থেকে পাওয়া টাকার সামান্য একটি অংশ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে বাকি সব টাকা তারাই নিয়ে যায়। এছাড়া মামলা-মোকদ্দমা, পুলিশি হয়রানি ও বাটোয়ারা-বিরোধীদের তৎপরতা বন্ধের জন্য এ টাকা থেকেই একটি তহবিলও তারা গঠন করেছে বলে জানা যায়।
এদিকে, কিশোরগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কাজ ভাগাভাগির সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তবে কাজ ভাগাভাগির বিষয়ে তারা ভিন্ন সূত্রে অবগত বলে জানান।
