২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা পর্যটক বৃদ্ধির আশা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন

চীনা সরকার আগামী মাস থেকে বাংলাদেশকে চীনা নাগরিকদের জন্য অনুমোদিত গন্তব্যের মর্যদা (এডিএস) দেওয়ায় বাংলাদেশ চীনা পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) আশা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুনমিং থেকে সাজ্জাদুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

কুনমিং মেলায় অংশগ্রহণের উদ্দেশ্যে বর্তমানে চীন সফররত বাংলাদেশ পর্যটন করপোরেনের চেয়ারম্যান মাহফুজুল হক জানান, এ অনুমোদনকে চীনা নাগরিকদের উদ্বেগমুক্ত বাংলাদেশ সফরের সংকেত হিসেবে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন,আমরা আগামী দুই বছরে ২০ হাজার চীনা পর্যটক বাংলাদেশ ভ্রমণে আসবে বলে আশা করছি।

আগামী সেপ্টেম্বর মাসে বেইজিং মেলায় অংশ গ্রহণের পর চীনের জাতীয় ট্যুরিজম কর্তৃপক্ষ এবং বিপিসি দ্বিপাক্ষিক পর্যটনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে।

বিপিসি চীনের কুনমিং মেলায় বিভিন্ন আমদানি রপ্তানি পণ্যের পাশাপাশি পর্যটন সংক্রান্ত বাংলাদেশী পণ্যের প্রদর্শন করবে। এছাড়াও করপোরেশন বাংলাদেশী বিভিন্ন প্রাইভেট ট্যুর অপারেটরকে আমন্ত্রণ জানিয়েছে যাতে তারা স্থানীয় লোকজনের কাছে ট্যুর প্যাকেজের প্রস্তাব করতে পারে।

মাহফুজুল হক জানান, প্যাকেজ ট্যুরের আওতায় এখন কলকাতা থেকে অনেক পর্যটক স্মৃতিময় ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসে। তারা বাংলাদেশে তাদের পিতৃপুরুষের বাড়ি দেখতে আসে। ১৯৪৭, ১৯৬৫ এবং ১৯৭১ সালে পশ্চিম বঙ্গের অনেক নাগরিক বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমায়।

কুনমিং আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে সোমবার এই আন্তর্জাতিক মেলার উদ্বোধন করা হবে। মেলায় বিপিসি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোটার্স এসাসিয়েশন তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করবে।

বিপিসি চেয়ারম্যান জানান, চীনা পর্যটকদের আকর্ষণ করতে আমরা চীনা ভাষায় ২০ জন ট্যুরিস্ট গাইডকে প্রশিক্ষণ দিচ্ছি। গত বছর প্রায় তিন হাজার চীনা পর্যটক বাংলাদেশ ভ্রমণে এসেছিল।

তিনি আরও বলেন, প্রায় তিন লাখ বিদেশী পর্যটক প্রতিবছর বাংলাদেশ ভ্রমণ করেন। তাদের বেশির ভাগই আবার ব্যবসায়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন।

বাংলাদেশ দেখতে কেমন? স্থানীয় নাগরিকদের তা বোঝাতে বিপিসি তাদের পোস্টার, লিফলেটে চীনা ভাষা ব্যবহার করেছে।