ময়মনসিংহে জোড়া খুনের মামলার আসামির ফাঁসি কার্যকর
ময়মনসিংহ জেলা কেন্দ্রীয় কারাগারে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় জোড়া খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মফিজ উদ্দিনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ২৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক বিরোধের জের ধরে ত্রিশাল উপজেলার গোপালপুর গ্রামের আহসান আলীর পুত্র মফিজ উদ্দিন খান (৩৩) তার সৎ মা ও সৎ বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে মামলার পর ১৯৯৯ সালের ১১ নভেম্বর ময়মনসিংহের তৃতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন। উচ্চ আদালতে আপীল করা হলেও এ রায় বহাল থাকে।
শনিবার রাতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর জেলা সিভিল সার্জন ডা. রুহুল আমিন ও কারাগারের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তার মৃত্যু নিশ্চিত করেন। এ সময় সিনিয়র জেল সুপার নুরুল ইসলাম এবং ম্যাজিস্ট্রেট হায়দার জাহান ফরাস উপস্থিত ছিলেন। পরে ময়না তদন্ত শেষে রোববার সকালে মফিজের লাশ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়।
