সাংবাদিকদের উপস্থিতি : এমপি টিটোর হুংকার
জেলার উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় প্রতিবারের ন্যায় এবারও বাফুফে সভাপতি এস এ সুলতান টিটো এমপি সাংবাদিকদের দেখে ভীত হলেন, অতঃপর রেগে গেলেন।
তিনি হুংকার দিয়ে বলেন “এখানে কোন সাংবাদিক থাকতে পারবে না । যারা ছবি তুলতে আসছেন তারা দ্রুত ছবি তুলে বেরিয়ে যান।”
রোববার সকাল সাড়ে ১১টায় সভা শুরু হবার আগে সাংবাদিকরা সেখানে প্রবেশ করলে এই পরিস্থিতির উদ্ভব হয়।
এ সময় সভার প্রধান অতিথি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনসহ অন্যান্য সাংসদ এবং উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন । এ ঘটনায় তারা বিব্রতকর অবস্থায় পড়েন এবং সাংবাদিকদের কোন কথা না বলার শর্তে বসতে অনুরোধ করেন।
তাদের অনুরোধে কয়েকজন সংবাদিক সভায় আসন গ্রহন করেন। অন্যরা অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করে বেরিয়ে আসেন।
জানা যায়, আগেও চাঁদপুর-৪ আসনের সাংসদ সাংবাদিকদের সাথে এ ধরনের আচরন করেছেন।
