সোমবার বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কমিশনের বৈঠক শুরু: মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব করবে বাংলাদেশ
দীর্ঘ ১০ বছর পর অবশেষে মঙ্গলবার বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশ কুয়ালালামপুরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে।
সরকারি সূত্রে জানা যায়, বৈঠকে বাংলাদেশ মালয়েশীয় বাজারে ১৯ টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং একটি যৌথ বাণিজ্য কমিশন গঠনের প্রস্তাব করবে।
যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পে মালয়েশীয় বিনিয়োগ, মংলা বন্দরের উন্নয়ন এবং দেশের মেরিন একাডেমি ক্যাডেটদের জন্য চাকরির সুযোগ সৃষ্টির ব্যাপারেও আলোচনা করবে।
এছাড়াও জনশক্তি রপ্তানি, ভিসা জটিলতা, জ্বালানি ও কৃষিখাতে যৌথ বিনিয়োগ, সরাসরি নৌ চলাচল এবং শিক্ষা, স্বাস্থ্য, তথ্যও প্রযুক্তি এবং সাংস্কৃতিক খাতে সহায়তার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
মালয়েশিয়ার পররাষ্টমন্ত্রী সৈয়দ জাফর আল বার যৌথ কমিশনের তৃতীয় বৈঠকে অংশ নিতে সোমবার ঢাকায় পৌঁছবেন। অন্যদিকে, পররাষ্টমন্ত্রী এম মোরশেদ খান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ।
মন্ত্রী পর্যায়ের যৌথ বৈঠকের আগে সোমবার উচ্চপদস্থ কর্মকর্তা ও সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মহাসচিব কাজী সেলিম বিন হাশিম সোমবার ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহর সাথে সাক্ষাৎ করবেন।
১৯৯৪ সালে কুয়ালালামপুরে সর্বশেষ যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
গত বছর ওআইসি মহাসচিব পদে বাংলাদেশ প্রার্থী দেওয়ায় পর থেকে ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছিল। মালয়েশিয়াও মহাসচিব পদে প্রার্থী দিয়েছিল।
মঙ্গলবার যৌথ কমিশনের বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেওয়ার আগে উভয় পররাষ্টমন্ত্রী একটি প্রাতরাশ বৈঠকে অংশ নিবেন।
মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
দ্বিপাক্ষিক বিভিন্ন উন্নয়ন এবং অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ১৯৯২ সালে বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কমিশন গঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রির (ওআইসি) সদস্য দেশ এবং মুসলিম উম্মাহর সহযোগী হিসেবে মালয়েশিয়া দুই মুসলিম দেশের মধ্যে ভাতৃত্ব ও জোরদার দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে ইতিবাচক ভুমিকা পালনে এগিয়ে আসতে পারে।
বর্তমানে উভয় দেশের বাণিজ্য পাল্লায় বেশিরভাগটাই মালয়েশিয়ার পক্ষে। দেশটি বার্ষিক ৩০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মুল্যের পণ্য বাংলাদেশে রপ্তানি করে। পক্ষান্তরে বাংলাদেশ বছরে মাত্র ১৬ থেকে ১৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য মালয়েশিয়ায় রপ্তানি করে থাকে।
বর্তমানে বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগের পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। যার বেশিরভাগই টেলিযোগাযোগ ও বিদ্যুৎ খাতে।
