ডাক বিভাগের ডিজিসহ শীর্ষ কর্তারা ৭ কোটি টাকা আত্মসাত করেছেন: তদন্ত রিপোর্ট
ডাক বিভাগের মহাপরিচালকসহ (ডিজি) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের প্রমান পাওয়া গেছে। এ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ওই দুর্নীতির তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, ডাক বিভাগের ঢাকা অঞ্চলের প্রায় প্রতিটি আত্মসাতের ঘটনার সাথে বর্তমান ডিজি এসএম আব্দুস সালাম এবং প্রাক্তন ডিজি মুজিবুর রহমানের সম্পৃক্ততা আছে বলে কমিটির কাছে দেওয়া জবানবন্দীতে একাধিক কর্মকর্তা কর্মচারি উল্লেখ করেন।
এতে বলা হয়, ডাক বিভাগের বর্তমান ডিজি এসএম আব্দুস সালামের পূর্ববর্তী কর্মস্থল উত্তরাঞ্চল সার্কেল, পোস্টাল একাডেমীর অধ্যক্ষ এবং রাজশাহীতে কর্মরত অবস্থায় অফিস খাতে অস্বাভাবিক মাত্রায় ব্যয় করা হতো।
ডিজি আব্দুস সালাম ওই সময় অন্যান্য কর্মকর্তা কর্মচারিদের মাধ্যমে বিভিন্ন খাতে খরচ দেখিয়ে প্রায় সাত কোটি টাকা আত্মসাত করেছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, ডাক অধিদপ্তরে যোগ দেওয়ার পূর্বে এসএম আব্দুস সালাম ঢাকায় পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) হিসেবে কর্মরত ছিলেন। একই পদের অন্যান্য কর্মকর্তাদের তুলনায় তার কর্মকালে অফিস ব্যয়ের পরিমান ছিল দ্বিগুন।
এছাড়া ডাক বিভাগের বর্তমান মহাপরিচালক এসএম আব্দুস সালাম ঢাকা জিপিও’র পিএমজি থাকাকালে চাপের মুখে কর্মকর্তা ও কর্মচারিরা কোনো বিল বা ভাউচার ছাড়াই তাকে মাসে অতিরিক্ত ৩০ থেকে ৪০ হাজার টাকা দিতেন।
এছাড়া শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজসে ডাক বিভাগে ভুয়া বিল ভাউচার ও মঞ্জুরী পত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরেই একটি চক্র অর্থ আত্মসাত করে আসছে। চক্রটি দীর্ঘদিন ধরে একই দপ্তরে কর্মরত। তারা আত্মসাতের অর্থের ভাগ শীর্ষ পর্যায়ে পৌঁছে দেয়। প্রতিবেদনে ডিজি আব্দুস সালাম ছাড়াও ভুয়া মঞ্জুরি পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ৮৮ জন কর্মকর্তা ও কর্মচারির নাম উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভুয়া বিল ভাউচার ও মঞ্জুরী পত্রের মাধ্যমে ডাক বিভাগের ঢাকা নগরীর উত্তর ইউনিটের পোস্টাল অপারেটর মনসুরুছ সামাদ চৌধুরী ১০ বছরে ৬ কোটি ৭৭ লাখ ৪ হাজার ১৭০ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় তিনি গ্রেফতার হয়ে জেলে যান। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক হন।
প্রতিবেদন মতে, ঢাকা ডাক অধিদপ্তরের ডিজির পিএসহ তিনজন কর্মকর্তা কর্মচারি ১৮ লাখ ৮৯ হাজার ৭১২ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হন। এরা হচ্ছেন: উর্ধ্বতন হিসাব রক্ষক কৃষ্ণ কুমার দাশগুপ্ত, পিএ আমির হোসেন এবং ক্যাশিয়ার আবুল কালাম।
এছাড়াও ঢাকা জিপিওর পোস্টাল অপারেটর মাসুদ চৌধুরী তিন কোটি ১২ লাখ নয় হাজার ৩১৯ টাকা আত্মসাতের অভিযোগ গ্রেফতার হন। তিনি একটি মামলায় এরই মধ্যে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
জানা যায়, ’৭৩ সালের ব্যাচের কর্মকর্তা এসএম আব্দুস সালাম রাজশাহীর পিএমজি থাকাকালে লোক নিয়োগের অনিয়ম করেন। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় ২০০০ সালে তাকে ওএসডি করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরো অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে সরকারের একটি প্রভাবশালী মহলের সাথে বিশেষ যোগাযোগের মাধ্যমে তিনি স্বপদে বহাল রয়েছেন।
