প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় নিজেদের অবস্থান সমুন্নত রাখতে হবে : ড. ওসমান ফারুক
শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় নিজেদের অবস্থান ও মর্যাদা সমুন্নত এবং সুদৃঢ় রাখতে হলে বিশ্বমানের ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, মেধার লালন ও স্বীকৃতিদানের মাঝেই এর বিকাশের সুযোগ নিহিত।
মন্ত্রী রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক ইমদাদ-সিতারাখান ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এসএমএ ফায়েজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী মূর্তাজা এসময় উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।
শিক্ষামন্ত্রী বলেন, মানব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের মাধমে সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠায় সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। তিনি বলেন, ইতোমধ্যেই শিক্ষাখাতে ইতিবাচক সফল্যও অর্জিত হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এএফএম ইউসুফ হায়দার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সৈয়দ রাশিদুল হাসান প্রমুখ।
ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন সারাদেশ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রী, প্রকৌশল এবং চিকিৎসা বিজ্ঞানসহ স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মোট ৭২ জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করে। প্রতি শিক্ষার্থী মাসে ১২শ টাকা হারে চার বছর পর্যন্ত বৃত্তির অর্থ পাবেন।
