২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে ’ক্যাডার রাজত্ব’ প্রতিষ্ঠা করেছে: ঢাবি সিনেট শিক্ষক প্রতিনিধিবৃন্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ১৮ জন শিক্ষক প্রতিনিধি এক যুক্ত বিবৃতিতে বলেছেন, সরকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ’ক্যাডার রাজত্ব’ কায়েমে ইন্ধন জুগাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

তারা আরও বলেন, সরকারের ছত্রছায়ায় ছাত্রদল ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ে ’ক্যাডার রাজত্ব’ কায়েম করেছে। উপাচার্য সম্পূর্ণতই তাদের দ্বারা নিয়ন্ত্রিত। ফলে উপাচার্য পদটি কলঙ্কিত হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, ২৮ মে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী শাম্মী আক্তার হ্যাপির মৃত্যুর পর ছাত্রদল সাধারণ শিক্ষার্থী এবং বিরোধী ছাত্র সংগঠনগুলোর ওপর হামলা চালিয়েছে, তাদেরকে আহত করেছে এবং হলে তাদের কক্ষ তছনছ করেছে।

শিক্ষকবৃন্দ বলেন, সরকারের নীল নকশার অংশ হিসেবে প্রশাসনের সহায়তায় ছাত্রদল পুরো বিশ্ববিদ্যালয়ে ত্রাস সৃস্টি করেছে। শিক্ষকবৃন্দ এ ধরনের গুন্ডামি প্রতিষ্ঠার সরকারি চেষ্টার কঠোর নিন্দা জানান। তারা একই সাথে বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা উপাচার্যের দলীয় ভূমিকারও কঠোর সমালোচনা করেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী সিনেট শিক্ষক প্রতিনিধিরা হলেন ড. আরআইএম আমিনুর রশীদ, ড. আআমস আরেফিন সিদ্দিক, ড. কাজী শহিদুল্লাহ, অধ্যাপক শরীফ উল্লাহ ভুঁইয়া, অধ্যাপক আবম ফারুক, ড. মুনতাসীর মামুন, অধ্যাপক হাসেম খান, অধ্যাপক রফিকুন নবী, ড. এজেডএম নওশের আলী খান, ড. মেসবাহ উদ্দিন আহমেদ, ড. মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী, ড. সাদেকা হালিম, ড. নাজমা শাহীন, ড. নাসরীন আহমেদ এবং ড. মোঃ রহমতউল্লাহ।