২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক ধর্মঘট পালিত হচ্ছে

‘সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী’ ছাত্র সংগঠনগুলোর ডাকে বৃহস্পতিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

গত শনিবার বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী শাম্মী আখতারের মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ‘সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী জোট’ এই কর্মসূচির ডাক দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবারও আগের দিনের মত ছাত্রলীগের কোন নেতা-কর্মীকে ঢুকতে দেয়া হয়নি। ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশপথে ছাত্রদলের কড়া প্রহরা দেখা যায়। পার্শ্ববর্তী সোহরাওয়ার্দি উদ্যান হয়ে ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুসহ নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদল ও পুলিশ ধাওয়া দেয়। তাড়া খেয়ে তারা পিছু হটতে বাধ্য হয়। ক্যাম্পাসে অন্য কোন ছাত্র সংগঠনের কোন কার্যক্রম দেখা যায়নি।

বিডিনিউজের জাহাঙ্গীরনগর প্রতিনিধি জানান, গ্রীষ্মের ছুটিতে বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ায় ধর্মঘট কর্মসূচির তেমন কোন প্রভাব পড়েনি। ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের কোন তৎপরতাও দেখা যায়নি।

এছাড়াও রাজধানীসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি থাকায় ধর্মঘটের রেশ পাওয়া যায়নি। রাজধানীর তেজগাঁও কলেজে ধর্মঘট পালিত হয়নি। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ছিল। এছাড়াও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।

কয়েকজন অভিভাবক জানান, রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্কুল ড্রেসের পরিবর্তে সাধারণ পোষাক পরে যাওয়ার জন্য আগে থেকেই বলে দিয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।