মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে পিআরএসপি’তে দিক-নির্দেশনা রাখার পরামর্শ
জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের উদ্দেশ্যে দারিদ্র নিরসন কৌশলপত্রে (পিআরএসপি) দিক নির্দেশনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদে কমিটির সভাপতি সামসুল আলম প্রামাণিকের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্রুত দারিদ্র নিরসন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কাঙ্খিত সাফল্য অর্জনে পিআরএসপি’তে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে গ্রাম ও শহরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসন এবং এর মান উন্নয়নে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দানের আহ্বান জানানো হয়।
বৈঠকে সাধারণ, কারিগরি, মাদ্রাসা, অনানুষ্ঠানিক, দূর-শিক্ষন ও কৃষি শিক্ষাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা ব্যবস্থার গুণগত মানের উন্নয়নের ব্যাপারে জোর দেওয়া হয়।
কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ড: এম ওসমান ফারুক, আতিউর রহমান আতিক এবং আব্দুল গফুর ভূঁইয়া বৈঠকে অংশ নেন।
শিক্ষা সচিব ফারুক আহমেদ সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
