২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন আদেশ ছাড়াই আদালত থেকে হত্যা মামলার আসামির মুক্তি

হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও জামিনের আবেদন ও আদেশ ছাড়াই আদালত থেকে জাহান আলম সজীব নামে এক আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তবে এজলাসের দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল আসামি পালিয়ে গেছে মর্মে একটি মামলা দায়ের করেছেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত প্রাঙ্গনে বিষয়টি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মোহাম্মদপুরের চাঞ্চল্যকর মাসুদ হত্যা মামলায় পুলিশ গত ২৪ এপ্রিল সজীবকে গ্রেফতার করে। পরে কাফরুল থানার গাড়ির কাগজপত্র জালিয়াতি সংক্রান্ত অপর একটি মামলায় ৮ মে তাকে গ্রেফতার দেখানো হয়।

গত সপ্তাহে কাফরুল থানার ওই গাড়ি মামলায় নিয়ম অনুযায়ী মামলাটির নথিসহ সজীবকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এসময় সজিবের জন্য কেউ জামিনের আবেদন করেনি। ম্যাজিস্ট্রেট তার খাসকামরায় নথি পর্যালোচনা করে সজিবকে নিজ জিম্মায় মুক্তির আদেশ লিখে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে আসামির হাতকড়া খুলে দেয়ার নির্দেশ দেন।

কিন্তু সজিবের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলার ব্যাপারে ম্যাজিস্ট্রেট কোনও আদেশ দেননি।

প্রসঙ্গত, কারাগারে আটক কোনও আসামিকে জামিন দেয়া হলে জামিননামা পাওয়ার পর কারাগার থেকেই আসামিকে মুক্তি দেয়া হয়।

অবৈধভাবে মুক্তি দেয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বরত ওই পুলিশ কনস্টেবল সজীব আদালত থেকে পালিয়ে গেছে মর্মে একটি মামলা দায়ের করেন।

তবে ঘটনার দুই দিন পর কৌশলে মুক্তি পাওয়া সজীবকে আবার আদালতে আত্মসমর্পন করানো হয়। বর্তমানে সজিব কারাগারে আটক রয়েছে।