হাওড়াঞ্চলে প্রচলিত নৌযান নিয়ন্ত্রণ আইন কাজে লাগছে না, হর-হামেশাই দুর্ঘটনা ঘটছে
প্রচলিত নৌযান নিয়ন্ত্রণ আইনের দুর্বলতার সুযোগে ঘাটে ঘাটে পুলিশকে চাঁদা দিয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অঞ্চলে ১০ হাজারেরও বেশি ঝুঁকিপূর্ণ ইঞ্জিন-চালিত নৌযান চলাচল করছে। ফলস্বরূপ গত ১০ বছরে এ অঞ্চলে পাঁচশ’রও বেশি নৌ-দুর্ঘটনায় ২৭০ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, বিনষ্ট হয়েছে কয়েক কোটি টাকার সম্পদ।
সংশ্লিষ্ট থানা, উপজেলা প্রশাসন ও অন্যান্য সূত্রে জানা যায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত কিশোরগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট জেলার নিম্নাঞ্চলে অবস্থিত ৩৩টি উপজেলার হাওড় অঞ্চলে ৮৮টি অভ্যন্তরীণ রুটে প্রতিদিন ১০ হাজারেরও বেশি ঝুঁকিপূর্ণ ইঞ্জিন-চালিত নৌযান চলাচল করছে। বৃহত্তর হাওড়াঞ্চলের ‘গেটওয়ে’ হিসাবে পরিচিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অবস্থিত ‘চামড়ার নৌ বন্দর’ থেকে প্রতিদিন এক হাজারেরও বেশি নৌযান এ অঞ্চলের বিভিন্ন রুটে চলাচল করে।
বেশ ক’জন ইঞ্জিন-চালিত নৌকার চালকের সাথে আলাপ করে জানা যায়, এসব নৌযানের বৈধ ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিট না থাকলেও ঘাটে ঘাটে পুলিশকে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত চাঁদা দিয়ে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। বৈঠা চালিত নৌকার পরিবর্তে ইঞ্জিন-চালিত নৌকা দ্রুত পরিবহন ও যোগাযোগ রক্ষায় সমর্থ হওয়ায় এগুলো জনপ্রিয়তাও লাভ করেছে।
কিন্তু উপযুক্ত কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বার বার দূর্ঘটনার ঘটনা ঘটছে। তারপরও এসব নৌযানের মালিকরা স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানের পারস্পরিক যোগসাজসে তাদের ঝুঁকিপূর্ণ নৌযান দিয়ে পরিবহন ব্যবসা চালিয়ে যাচ্ছে।
১৯৮৪ সালে প্রণীত নৌযান আইন অনুযায়ী ১৬ অশ্ব-শক্তির ইঞ্জিন-চালিত কোনও নৌকার দৈর্ঘ্য ৩০ ফুটের বেশি হওয়া চলবে না। কিন্তু বাস্তবে তা হয় না, অধিকাংশ নৌকাই ৩০ ফুটের বেশি লম্বা। অথচ কর দেয়ার সময় মালিকরা ’অশ্ব-শক্তি’র বিষয়টিই কাজে লাগায় এবং কর ফাঁকি দেয়। ফলে সরকার বিপুল রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
হাওড়াঞ্চলে যাতায়াত ও পরিবহনের স্বার্থেই এসব ইঞ্জিন-চালিত নৌকার উপযুক্ত বৈজ্ঞানিক কাঠামো নির্ধারণ এবং এসবের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়ণ জরুরি। হাওড়াঞ্চলের মানুষ দীর্ঘ দিন ধরেই এরকম দাবি জানাচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেদিকে কোনও নজর আছে বলে মনে হয় না।
