‘দাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত’
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো দাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুর্নর্বিবেচনা করা উচিত।
তিনি বলেন, দাতাদের মনোভাব পরিবর্তনের জন্য সচেতন উদ্যোগ প্রয়োজন।
মন্ত্রী মনে করেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশের জন্য সাহায্য নির্ভর সম্পর্কের চেয়ে বানিজ্য সম্পর্কই গুরুত্বপূর্ণ।
রাজধানির গুলশানে রোববার ইউরোপীয় কমিশন (ইসি) আয়োজিত প্রথম প্রকল্প মেলায় তিনি
একথা বলেন।
কমিশন দেশের জনগণ ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে সচেতন করতে বাংলাদেশে তাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সহযোগিতার ক্ষেত্রের ওপর আলোকপাত করার লক্ষ্য নিয়ে দিনব্যাপী এই মেলার আয়োজন করে।
তিনি বলেন, দারিদ্র্যপীড়িত বাংলাদেশের জনসংখ্যা অনেক বিশাল হলেও তারা সাহায্য চায় না, চায় কাজ।
বাণিজ্য উন্নয়নে ইউরোপীয় কমিশনের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, সাহায্য নয়, বাণিজ্যই হতে পারে চূড়ান্ত কথা।
বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মন্তব্য করেন, সুশাসন, সম অংশীদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যাপারে ইউরোপীয় কমিশন সংশ্লিষ্টদের ভুমিকা বাংলাদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সম্মেলনে কমিশনের হেড অব ডেলিগেশন এবং রাষ্ট্রদূত এসকো কেনশিন্সকি বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার মতো অনেক ক্ষেত্রে ইউরোপীয় কমিশন বাংলাদেশে সাহায্য করে যাচ্ছে। কিন্তু অনুদানের মতো বাণিজ্যও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এশিয়ায় বাংলাদেশ ইউরোপীয় কমিশনের দ্বিতীয় বৃহত্তম সাহায্য প্রাপ্ত দেশ, যেখানে তহবিল নির্ধারণের চেয়ে উন্নয়ন প্রকল্পের প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে ইসি ডেলিগেশনের প্রথম সচিব অ্যান মার্চাল বলেন, আমরা এখানে একই ছাদের নিচে আমাদের প্রকল্পগুলো তুলো ধরেছি, যাতে জনগণ দেখতে পায় আমরা সারাদেশে কি করছি এবং এর থেকে তারা যাতে শিক্ষা নিতে পারে।
