বামদলগুলোর ‘গণবিরোধী’ বাজেট প্রত্যাখ্যান
বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) রোববার আগামী ২০০৫-০৬ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী এবং লুটপাটকারীদের স্বার্থ রক্ষার বাজেট আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে।
মুক্তাঙ্গনে প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে এলডিএফ নেতারা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার জন্য এবং নির্বাচনী তহবিল বাড়ানোর উদ্দেশ্যে সরকারের প্রচেষ্টার কঠোর সমালোচন করেন।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতির ভাষণে বলেন, ধনীকে আরও ধনী এবং গরীবকে আরও গরীব করার উদ্দেশ্যে এই বাজেট প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, এই বাজেট সাধারণ মানুষের কোনও কল্যাণ বয়ে আনবে না। এটি শুধুই দেশের লুটেরাদের স্বার্থ রক্ষা করবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণকে বোকা বানানোর জন্য জোট সরকার এই তথাকথিত উন্নয়ন বাজেট পেশ করেছে।
তিনি পরোক্ষ কর বৃদ্ধির সমালোচনা করেন। কারণ এতে মুল্যস্ফিতি বাড়বে।
বাজেটে কালো টাকা সাদা করার সময় বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, এই বাজেট নির্বাচনী তহবিল বৃদ্ধি করতে বিএনপি এবং তার জোটকে সহায়তা করবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে সাজ্জাদ জহির চন্দন, রুহিন হোসেন প্রিন্স, আবু হামিদ শাহাবুদ্দিন এবং আজিজুর রহমান বক্তৃতা করেন।
