২৪ঘন্টার মধ্যে আটকে পড়া পাকিস্তানীদের ক্যাম্পগুলোতে পুন:বিদ্যুৎ সংযোগের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট
হাইকোর্ট ২৪ ঘন্টার মধ্যে আটকে পড়া পাকিস্তানীদের ক্যাম্পগুলোয় পুনরায় বিদ্যুৎ সংযোগের যে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তা বহাল রেখেছে।
হাইকোর্টের আদেশ স্থগিত করতে সুপ্রিম কোর্টে দাখিল করা সরকারের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী রোববার এ আদেশ দেন।
গত শনিবার হাইকোর্টের আদেশ পালন করা হবে কী না তা জানতে হাইকোর্ট সরকারকে তিন দিন সময় দিয়েছিলেন।
আটকে পড়া পাকিস্তানীদের ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বৈধতা চ্যালেঞ্জ করে স্ট্রানডেড পাকিস্তানীজ জেনারেল রিপেট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসিম খান ও সাধারণ সম্পাদক এম শওকত আলী হাইকোর্টে একটি রিট দায়ের করেন।
রিটের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এএফএম আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানিয়ে সরকারের প্রতি একটি কারণ দর্শানোা নোটিশ জারি করেন।
৪৪ দশমিক ৪৮ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি থাকার অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত ৪ জুন ঢাকার জেনেভা ক্যাম্পসহ দেশের ১৩টি জেলার ৭০টি আটকে পড়া পাকিস্তানী ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
আটকে পড়া পাকিস্তানীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। অন্যদিকে সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এ্যাটর্নী জেনারেল এজে মোহাম্মদ আলী।
