২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় গণপিটুনিতে পুলিশ নিহত

উত্তেজিত জনতার কাছে ডাকাতকে হস্তান্তর না করায় গণপিটুনিতে নিহত হয়েছে পশ্চিমবঙ্গের এক পুলিশ অফিসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

শুক্রবার পুরুলিয়া জেলার নিতুরী গ্রামে উত্তেজিত গ্রামবাসী দুই কনস্টেবলসহ পুলিশ সাব ইন্সপেক্টর পরমেশ্বর সোরেনের ওপর হামলা করে। ওইদিন অস্ত্রের মুখে পুরুলিয়া-আসানসোল মহাসড়কে দুই ডাকাত এক ব্যবসায়ীর মোটর সাইকেল ছিনতাই করে। এদের একজন পালিয়ে যায় এবং অপরজন পুলিশের হাতে ধরা পড়ে।

এ সময়ে প্রায় ১৫০ জনের মতো উত্তেজিত সশস্ত্র গ্রামবাসী পুলিশকে ঘিরে ফেলে এবং ওই ডাকাতকে হস্তান্তর করতে বলে।

অতিরিক্ত মহাপরিচালক চয়ন মুখার্জি জানান, সোরেন ডাকাতকে গ্রামবাসীর কাছে হস্তান্তর করতে অস্বীকার করলে সংঘর্ষ বাধে। নিতুরি থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই গ্রামবাসীদের হামলায় সোরেন নিহত হয় এবং অপর দুই কনস্টেবল গুরুতর আহত হয়। সোরেন মারা যাওয়ার পর গ্রামবাসীর প্রহারে ওই ডাকাতও নিহত হয়।

গত বছর মাওবাদী গেরিলারাদের বোমা হামলায় অলৌকিকভাবে সোরেন বেঁচে যায়। ওই বিস্ফোরণে স্থানীয় থানার ইনচার্জ নিহত হয়।

পশ্চিমবঙ্গে উত্তেজিত জনতার হামলায় ডাকাত নিহত হওয়ার ঘটনা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

২০০৪ সালে এ ধরণের বিভিন্ন ঘটনায় প্রায় ১০০ অপরাধী নিহত হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র পরিসংখ্যানে দেখা যায়, গত কয়েক বছরে পশ্চিবঙ্গ ও অন্যান্য প্রদেশে উত্তেজিত জনতার হতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।

গ্রামাঞ্চলের থানাগুলোতে সাধারণত কর্মকর্তা-কর্মচারির অপ্রতুলতা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশের যোগসাজশ থাকে। গ্রামবাসীরা জানায়, পুলিশের কাছে ডাকাতকে সোপর্দ করলে তারা ঘুষ দিয়ে ছাড়া পেয়ে যায় এবং ফের অপরাধ করে। এ কারণে ডাকাতকে মেরে ফেলাই তাদের পছন্দ।