শেখ হাসিনার সমালোচনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান ২১ আগষ্ট হত্যাকান্ডের ঘটনায় প্রধানমন্ত্রী ও তার পুত্র তারেক রহমানকে জড়িয়ে সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেন, এটা অত্যন্ত গর্হিত কাজ। তার এ ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয়, কুরুচিপূর্ণ ও অশালীন।
স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে ফজলুর রহমান এক বিবৃতিতে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করেননা, করেন দেশ, দেশের মাটি ও মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য।
বিবৃতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ২১ আগষ্ট ঘটনার পর সরকার দেশি বিদেশি গোয়েন্দাদের মাধ্যমে এর রহস্য উদঘাটনের চেষ্টা করে। কিন্তু শেখ হাসিনা তাদের কোন সহযোগিতা করেননি। এখন সিআইডি ও র্যাবের তদন্তে এই ঘটনার রহস্য বের হতে শুরু করায় তদন্তকে প্রভাবিত করার জন্য শেখ হাসিনা এ ধরনের বক্তব্য দিয়েছেন।
প্রতিমন্ত্রী গণআদালতের রায়ে গোলাম আযমের মৃত্যুদন্ডের রায় শেখ হাসিনার আমলে কার্যকর না করারও সমালোচনা করেন।
