২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট আইনে বিদিশার জামিন, বিকেলে অন্য মামলায় আবারো গ্রেফতারি পরোয়ানা জারি

এইচএম এরশাদের তালাক-নোটিশপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদের সোমবার সন্ধ্যায় কারা মুক্তি পাওয়ার সম্ভাবনা নাকচ হয়ে গেলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত পাসপোর্ট জালিয়াতির মামলায় বিদিশাকে অন্তর্বর্তী জামিন দেন। আবার একই দিন বিকেলে অপর একটি মামলায় তার বিরুদ্ধে ঢাকা জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলায় অভিযোগ আনা হয়, এক স্বামী থাকা অবস্থায় তথ্য গোপন করে আরেকটি বিয়ে করে তিনি অপরাধ করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, কেরানীগঞ্জের তেঘরিয়া কাজী অফিসে বিদিশা তার আগের ব্রিটিশ স্বামীকে বিয়ে করেন। ওই বিয়ে বহাল থাকা সত্বেও তা গোপন করে তিনি এইচএম এরশাদের সাথে তিনি বিয়ে রেজিস্ট্রি করেন। এটি দণ্ডবিধির ৪৯৪ ধারায় অপরাধ।

এ মামলাটির বাদী এরশাদ নিজে না-কি তার নিযুক্ত কোনও ব্যক্তি তা এখনও জানা যায়নি।

ওই মামলার তথ্য উদঘাটনের জন্যে ঢাকা জেলার আমলী আদালত খ অঞ্চলে সাংবাদিকরা গেলে আদালতের পেশকার, পিয়নসহ কর্মচারিরা সাংবাদিকদের এজলাসে বসিয়ে রেখে একে একে উধাও হন।

পরে উপস্থিত সাংবাদিকরা বহু প্রতীক্ষার পর জেলা প্রশাসক মো. আব্দুল বারীর সঙ্গে সাক্ষাত করলে তিনি মামলাটি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম হুমায়ুন কবীরও মামলা সংক্রান্ত কোনো তথ্য দেননি।

এর আগে সকালে আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট এম সাজাওয়ার হোসেন। আবেদনে তিনি বলেন, বিদিশা একজন নারী এবং কঠিন রোগে আক্রান্ত। জামিন আবেদন না পেলে তিনি যে কোনো সময় প্রিজন সেলেই মারা যেতে পারেন। পাসপোর্ট জালিয়াতির মামলায় বিদিশার বিরুদ্ধে জন্মস্থান ও তারিখ সম্পর্কে যে অভিযোগ আনা হয়েছে, পাসপোর্ট আইনে এটি কোনো অপরাধ নয়।

তিনি বলেন, এ ক্ষেত্রে দেখার বিষয় হলো পাসপোর্টে তার স্বাক্ষর সঠিক কি না। এ ছাড়া পাসপোর্ট আইনের ধারাগুলো সবই জামিনযোগ্য। এছাড়া দণ্ডবিধির যে ধারাগুলো এ মামলায় আনা হয়েছে, তা বিদিশার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আইনজীবী বলেন, তার পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপক ও কবি। বিদিশা একজন শিক্ষিত পরিবারের সন্তান। ষড়যন্ত্র করে তার ঘর ভেঙে দেওয়া হয়েছে।

তিনি আসামির জামিন আবেদন জানান।

এ আবেদনের বিরোধিতা করে ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত পিপি গোলাম মোস্তাফা খান বলেন, ষড়যন্ত্র করে ঘর ভাঙার ব্যাপারে আসামির আইনজীবী তৃতীয় পক্ষকে ইঙ্গিত করেছেন, যা সঠিক নয়। বিদিশা বিভিন্ন জায়গায় চাকরি করতে পারেন। কিন্তু তার জন্মস্থান ভিন্ন ভিন্ন হতে পারে না। আসামির চার/পাঁচটি পাসপোর্ট রয়েছে। কাজেই দণ্ডবিধির ধারাগুলো তার বিরুদ্ধে প্রযোজ্য। প্রচলিত আইনে কেউই এতোগুলো পাসপোর্ট বহন করতে পারে না।

এ বক্তব্যের প্রতিবাদ করে বিদিশার আইনজীবী বলেন, পুলিশী তদন্ত শেষেই একজনকে পাসপোর্ট দেওয়া হয়। তাই একাধিক পাসপোর্ট বহন করা হলে সে অপরাধ কর্তৃপক্ষের ওপর বর্তায়, আসামির ওপর নয়।

উভয় পক্ষের শুনানী শেষে মহানগর দায়রা জজ মমিন উল্লাহ ৫০ হাজার টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় বিদিশার জামিন মঞ্জুর করেন।

শুনানীর সময় বিদিশার বোন মনীষা আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে হাইকোর্ট এক আদেশে সুস্থ না হওয়া পর্যন্ত বিদিশার চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত সরকারের প্রতি এই মর্মে রুল জারি করেন, কেন তার আইনজীবীকে বিদিশার সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। তিন সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে হবে।

বিচারপতি এমএ মতিন ও এএফএম আব্দুর রহমানের সমন্বয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।

বিদিশার পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাফিউদ্দীন ভূঁইয়া, ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার তানজিব উল আলম।

সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার আদিলুর রহমান খান।