২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে তারা কেমন দেশ গড়তে চায়’

বাংলাদেশী জনগণকেই নির্ধারণ করতে হবে-তারা কি ধরণের দেশ গড়তে চায়, কেমন হতে চায় এবং কি অর্জন করতে চায়। জাপানের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র ভাইস মিনিস্টার ইচিরো আইসাওয়া এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

জাপান-বাংলাদেশ ই-বুলেটিনের সাম্প্র্রতিক সংখ্যায় তার এ মন্তব্য ছাপা হয়েছে।

বুলেটিনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, অস্পষ্ট ইচ্ছা পোষণ এবং নির্ধারিত কোনও লক্ষ্য বাস্তবায়নের জন্য চেষ্টা করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার।

ই-বুলেটিনের সম্পাদক সাওরি নাগাসে এই সাক্ষাৎকার গ্রহণ করেন।

আইসাওয়া চলতি মাসের ১০ তারিখে দু’দিনের সফরে ঢাকায় আসেন। ঢাকায় অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান এং অন্যান্য উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে জাতিসংঘের সংস্কারসহ আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাপানের প্রতি বাংলাদেশের জনগণের মনোভাব অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।

তিনি বলেন, আমাদেরকে জনশক্তি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সমঝোতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পরস্পরকে ভালোভাবে জানার জন্য আমাদের মধ্যে আরও বেশি সংলাপের প্রয়োজন।

বাংলাদেশের ব্যাপারে তার সম্প্রতিক ঢাকা সফরের পূর্বাপর ধারনা সম্পর্কে প্রশ্ন করা হলে ইচিরো বলেন, সদরঘাটে যাওয়ার পর চাপাচাপি ও দুর্গন্ধের কারণে আমি অসহায় হয়ে পড়েছিলাম। ওই পানিতেই শিশুরা সাঁতার কাটছিলো, যা আমাকে অত্যন্ত বিস্মিত করেছে। এর থেকে বাংলাদেশী জনগণের ভোগান্তি বুঝতে পেরেছি।

তিনি আরও বলেন, যদি কোনও দেশকে ভালোভাবে জানার ইচ্ছা থাকে, তাহলে সেদেশের জনগণ ও শহর দেখতে হবে। এছাড়াও মানুষের চলাফেরা, অন্যান্য গতি প্রকৃতি এবং কীভাবে ব্যবসা পরিচালিত হচ্ছে তাও দেখা যেতে পারে।

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের জনগণ কোনও ব্যর্থতায় পিছপা না হয়ে বরং মাথা উঁচু করে দাড়াবে।