২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে জেবিআইসি’র উপ-মহাপরিচালকের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়ার সঙ্গে মঙ্গলবার বাংলাদেশে সফররত জাপান ব্যাংক ফর কো-অপারেশন (জেবিআইসি) এর উপ-মহাপরিচালক ইয়াসুনুরী ওনিসি সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাতকালে ইয়াসুনুরী ওনিসি চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাতকালে ইয়াসুনুরী ওনিসি বলেন, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প সফল বাস্তবায়নের পর ঢাকা ওয়াসা,ঢাকা সিটি করপোরেশন এবং এলজিইডি’র আরও প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া তিনি জেবিআইসি’র অর্থায়নে এলজিইডি পরিচালিত বৃহত্তর ময়মনসিংহ এবং জামালপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ইস্টার্ন বাংলাদেশ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (নয়টি জেলা), বৃহত্তর ফরিদপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়েও মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

এ সময় আবদুল মান্নান ভূঁইয়া বলেন, জাপান বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ এবং উন্নয়নের অংশীদার। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই জাপান এদেশের পূর্নগঠন এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে আসছে। আগামী দিনগুলোতে উন্নয়ন সহায়তা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।