বিটিটিবি মোবাইল ফোনের লটারি বিজয়ীরা ৩ হাজার টাকায় সিম কিনেছেন
বিটিটিবি মোবাইল ফোনের ১৩ শ’ জন লটারি বিজয়ী গ্রাহক মঙ্গলবার কর হিসেবে অতিরিক্ত ১২শ’ টাকাসহ মোট তিন হাজার টাকায় সিম কার্ড সংগ্রহ করেছেন। বিটিটিবি সূত্র এ তথ্য জানায়।
পূর্ব ঘোষণা ছাড়াই রোববার সিম বিতরণ স্থগিত করার পর সরকারি মালিকানাধীন কোম্পানি টেলিটক মঙ্গলবার থেকে আবারও বিভিন্ন ব্যাংকের অনুমোদিত ৫৩টি শাখা থেকে সিম বিতরণ শুরু করে।
প্রাথমিক পর্যায়ে ৩শ’ টাকার রিচার্জ কার্ডসহ টেলিটক সিমের দাম নির্ধারণ করেছিল ১৮ শ’ টাকা।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ মঙ্গলবার বিডিনিউজকে জানান, স্থগিতাদেশের পর সিম বিতরণের প্রথম দিন বরাদ্দকৃত ৭০ শতাংশ সিম বিক্রি হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এসআরও ইস্যু করার কারণে প্রতিটি সিমের জন্যে পূর্ববর্তী দামের সঙ্গে শুল্ক হিসেবে ১২ শ’ টাকা অন্তর্ভুক্ত না করে কর্তৃপক্ষের কোনও উপায় ছিল না।
টেলিটক দেশের অন্যান্য প্রাইভেট অপারেটরদের পর্যায়ে না থাকায় এবং ব্যাংকের মাধ্যমে সিম বিতরণ করায় এসআরও আরোপের পর কর সংগ্রহের বিস্তারিত হিসেব সম্পর্কে সরকারকে অবহিত করতে হবে।
কর প্রত্যাহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্তৃপক্ষ সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং কর প্রত্যাহার করা হলে কর হিসেবে গ্রাহকদের দেয়া অতিরিক্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে।
কর্মকর্তাদের মতে, মঙ্গলবার পর্যন্ত ৩৬ হাজার টেলিটক সিম বিতরণ করা হয়েছে এবং এর মধ্যে লটারি বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে ১২ হাজার সিম।
চলতি মাসের ৪ তারিখ থেকে লটারি বিজয়ীদের মধ্যে টেলিটক সিম বিতরণ শুরু হয়েছে, যা এ মাসের শেষ পর্যন্ত চলবে।
