১ লা জুলাই থেকে ভূমি সংশোধন আইনের বাস্তবায়ন শুরু
ভূমি সংক্রান্ত বিরোধ এবং মামলা মোকদ্দমা নিষ্পত্তির লক্ষ্যে আগামী ১ লা জুলাই থেকে “ভূমি রেজিষ্ট্রেশন, হস্তান্তর, সুনির্দিষ্ট প্রতিকার এবং তামাদি আইন (সংশোধন) এ্যাক্ট ২০০৪” এর বাস্তবায়নের কাজ শুরু হবে।
আর জমি সংক্রান্ত বিবদমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য শিগগিরই পৃথক আদালত প্রতিষ্ঠা করা হবে। এ লক্ষ্যে আইনী প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। প্রণয়ন করা হয়েছে খসড়া বিধি বিধান। এই আদালতে জমি সংক্রান্ত যাবতীয় সিভিল ও ক্রিমিনাল মামলা নিষ্পত্তি করা হবে।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে মাসিক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এ তথ্য জানান।
ভুমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যুগোপযোগি করার লক্ষ্যে এর সংশোধিত আইনসমূহের মৌলিক বৈশিষ্ট্যসমূহ তিনি সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন।
মন্ত্রী বলেন, নতুন আইনে সকল প্রকার স্থাবর সম্পত্তি হস্তান্তর, হেবা দলিল, বন্ধকী দলিল, বিক্রয় দলিল, উত্তরাধিকারসূত্রে অর্জিত সম্পত্তির বাটোয়ারা দলিল, বায়না চুক্তির দলিল ইত্যাদি রেজিষ্ট্র্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া হস্তান্তর দলিল সংক্ষিপ্তকরণ, রেজিষ্ট্রেশনের সময়সীমা নির্ধারণ এবং রেজিষ্ট্রেশনের আগে সাব-রেজিস্ট্রার কর্তৃক কতিপয় বিষয় নিশ্চিতকরণ করার বিধান সন্নিবেশিত হয়েছে।
ব্যারিস্টার মওদুদ বলেন, দেশে সিভিল মামলার ৭০ থেকে ৭৫ ভাগ জমি-জমা নিয়ে বিরোধ সংক্রান্ত। এসব বিরোধ কমিয়ে আনার লক্ষ্যে এই আইন সংশোধন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই সংশোধিত আইন বাস্তবায়নের মাধ্যমে জমিজমা সংক্রান্ত বিরোধ কমে যাবে।
সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমর উপস্থিত ছিলেন।
