পাবনা, ও মুন্সীগঞ্জে পৃথক মামলায় ভারতীয় নারীসহ দু’জনের মৃত্যুদন্ড
পাবনা ও মুন্সীগঞ্জে দুটি পৃথক মামলায় একজন ভারতীয় মহিলাসহ দু’জনের মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্তরা হচ্ছে অঞ্জলী দেবী ও সোবহান।
পাবনা প্রতিনিধি জানান, বুধবার পাবনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আমিরুন্নেসা জনাকীর্ণ আদালতে শিশু পাচারের দায়ে অঞ্জলী দেবী (৩২) ওরফে মঞ্জু দেবীকে ফাঁসির আদেশ প্রদান করেন।
অঞ্জলী দেবীর বাড়ি ভারতের শাহারসা জেলার জামালপুর থানার জামতা গ্রামে। মামলাার বিবরণ থেকে জানা যায়, ২০০২ সালের ১৭ মার্চ পাবনা শহরের পাটকিয়াবাড়ি এলাকায় মোহাম্মদ সেলিম হোসেনের শিশুপুত্র মোহাম্মদ হাবিবকে (৪) বাড়ির পাশ থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। খবর পেয়ে পেয়ে পুলিশ অঞ্জলী দেবীকে গ্রেফতার ও থানায় মামলা দায়ের করে। ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমান শেষে আদালত এ রায় প্রদান করে। রায় শোনার পর আসামী মঞ্জু দেবী কান্নাকাটি করতে থাকে এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আলী মনসুর ভিডিও ব্যবসায়ী সবুজকে হত্যা করার দায়ে একজনের মৃত্যুদন্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত সোবাহান বর্তমানে পলাতক রয়েছে। মামলার রায় শুনে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পিন্টু, মোশারফ ও রাজীব কান্নায় ভেঙ্গে পড়ে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত অপর দুইজন ডালিম ও মোক্তার বর্তমানে পলাতক আছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৭ ডিসেম্বর শহরের গনকপাড়ার নিজের ভিডিও দোকানে সবুজকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় সবুজের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।
