সাধারণ নির্বাচন সুষ্ঠু করতে বিদেশি কূটনীতিকরা সর্বাত্মক সহযোগিতা করবে: হ্যারি কে টমাস
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বলেছেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিদেশী কূটনীতিকগণ এবং রাষ্ট্রগুলো তাদের সাধ্যমত কাজ করবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সুধা সদন বাসভবনে বিদায়ী বৈঠকে হ্যারি কে টমাস একথা জানান।
তিনি বলেন, বৈঠকে তারা ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রীর ওপর গ্রেনেড হামলা, আগামী সাধারণ নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আমি নেত্রীকে আশ্বস্ত করেছি, আমরা কিবরিয়া হত্যাকাণ্ডের বিষয়টি পর্যবেক্ষণ করছি। এ ছাড়া বৈঠকে আমি শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে আলোচনা করি ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় তিনি যে আহত হয়েছিলেন, সে ব্যাপারে তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নিই এবং তার সর্বাত্মক মঙ্গল কামনা করি।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র মজবুত করতে তার দেশের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।
আব্দুল জলিল বলেন, তারা কিবরিয়া হত্যার ব্যাপারটিকে খুবই গুরুত্বের সাথে দেখছে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারেও তারা মর্মাহত হয়েছে। যদি গ্রেনেড হামালার ব্যাপারে এফবিআই এবং ইন্টারপোলকে সুষ্ঠুভাবে তদন্ত করতে দেওয়া হয়, তাহলে শিগগিরই রহস্য উদঘটিত হবে। যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে এক মত, কিবরিয়ার হত্যাকারিদের যদি ধরা যায় তাহলে সবগুলো ঘটনারই সুরাহা হবে।
গ্রেনেড হামলা তদন্তে ইন্টারপোলকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যের প্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন হ্যারি। তিনি বলেন, তার বক্তব্য প্রমাণ করে, তাদের অসৎ রাজনৈতিক চক্রান্ত বাস্তবায়নের জন্যেই তারা ইন্টারপোলকে নিয়ে আসে।
