২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তি পক্ষীয় বাঙালিদের সেনা নির্যাতনের অভিযোগ

পাহাড়ে বসবাসরত শান্তিচুক্তি পক্ষীয় আদি ও স্থায়ী বাঙালিদের অভিযোগ, নানাভাবে সেনাবাহিনী তাদের ওপর নির্যাতন ও হয়রানি করছে। শান্তিচুক্তির পক্ষে অবস্থান নেওয়ায় গত বুধবারও রাঙ্গামাটিতে ১৮ জনকে আটকে রেখে ব্যাপক মারপিট করা হয়।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেওয়া এক স্মারকলিপিতে ‘ পার্বত্য চট্টগ্রাম আদি ও স্থায়ী বাঙালী কল্যাণ পরিষদ’ এই অভিযোগ করে।

সাবেক গেরিলা নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই অভিযোগ করে।

স্মারকলিপিতে অভিযোগ করে বলা হয়, সম্প্রতি সেনা গোয়েন্দা সংস্থা ও একটি বিশেষ মহল আদি ও স্থায়ী বাঙালী জনগণের ওপর নানা হয়রানি শুরু করেছে। বিশেষ করে তারা ‘পার্বত্য চট্টগ্রাম আদি ও স্থায়ী বাঙালী কল্যাণ পরিষদ’-এর নেতৃবৃন্দের ওপর নানা হয়রানিমূলক অপতৎপরতা চালাচ্ছে।

এতে বলা হয়, সেনাবাহিনীর অপতৎপরতার প্রতিবাদে বুধবার রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ-সমাবেশ আহ্বান করা হয়। এই সমাবেশ ভণ্ডুল করার জন্য সকাল ১০ টার দিকে পরিষদের ১৮ জন নেতাকে সেনাবাহিনীর ১১৪ নম্বর ব্রিগেড সিগন্যাল কার্যালয়ে ডেকে নিয়ে বিকাল ৪ টা পর্যন্তÍ জিজ্ঞাসাবাদ ও হয়রানি করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, আটককৃতদের মধ্যে কল্যাণ পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ফরিদ আহমেদ, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আজম আলী আজম ও শামসুকে শারীরিক নির্যাতন করা হয়। আজম আলী আজমকে শুরুতর আহত অবস্থায় রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এতে আরো বলা হয়, পার্বত্য সমস্যা সমাধানে ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর হয়। কিন্তু শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে বহু প্রত্যাশিত শান্তি এখনো প্রতিষ্ঠিত হয়নি। চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে অন্য যে কোনো সময়ের চেয়ে চাঁদাবাজি, হত্যা, অপহরণ, সন্ত্রাস ইত্যাদি অপকর্ম বৃদ্ধি পেয়েছে। দিন দিন পাহাড়ের পরিস্থিতি যাচ্ছে অবনতির দিকে।

স্মারকলিপির অনুলিপি দেওয়া হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এবং চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের জিওসিকে।