“প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ২১ আগস্টের ঘটনা ঘটে”
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ খুনি, চোরাকারবারী এবং কয়েকজন সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তি প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালায়। বিভিন্ন গোয়েন্দা সূত্র বিডিনিউজকে এ তথ্য জানিয়েছে।
গ্রেনেড হামলার পর ঢাকায় আসা এফবিআই এবং ইন্টারপোলের সদস্যদের সংগৃহীত তথ্য, উপাত্ত বিশ্লেষণ এবং পরবর্তীতে শীর্ষ সন্ত্রাসী আরমান আটক হওয়ার পর তার স্বীকারোক্তির ভিত্তিতে গোয়েন্দা সংস্থাগুলো গ্রেনেড হামলায় বিদেশী শক্তির সংশ্লিষ্টতা পেয়েছে বলে জানায়।
গোয়েন্দা সূত্রগুলো দাবি করেছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে সন্ত্রাসী এবং মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অংশ হিসেবেই বিদেশী গোয়েন্দা সংস্থাটি এমন নৃশংস কাজ করেছে।
একুশে আগস্টের ঘটনায় গঠিত এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশনও অনুরূপ মন্তব্য করেছিলো।
নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ‘মিশন ২১ আগস্ট’ সফল হওয়ার পর তার চেয়েও বড় এবং নৃশংস অ্যাসাইনমেন্ট দিয়ে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাটি আরমানকে বাংলাদেশে পাঠায়। দেয়া হয় পাঁচ কোটি টাকা। কিন্তু র্যাবের হাতে ধরার পড়ায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।
রিমান্ডে থাকা আরমান গোয়েন্দাদের জানায়, ২১ আগস্টের নৃশংস গ্রেনেড হামলায় সন্ত্রাসীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা করেছে ঢাকার কয়েকজন সাবেক ওয়ার্ড কমিশনার, জাতীয় পার্টির খন্ডিত অংশের একজন প্রভাবশালী নেতা, কয়েকজন সাবেক ছাত্রনেতা, সাবেক এক সাংসদের সিআইপি পুত্র এবং রাজধানীর একটি প্রাইভেট ক্লিনিকের একজন ডাক্তার।
সূত্র জানায়, আরমান ধরা পড়ার পর তার স্বীকারোক্তি মোতাবেক তাকে দিয়ে মোবাইল ফোনে প্রতিবেশী দেশে আশ্রয় নেয়া বাংলাদেশের এবং সে দেশের কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর কথোপকথন রেকর্ড করা হয়। শীর্ষ সন্ত্রাসীরা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয়ে থেকে তাদেরই গাড়ি ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
গোয়েন্দা সূত্র জানায়, ২১ আগস্টের গ্রেনেড হামলায় পর পর সন্ত্রাসীদের পালানোর কাজে দুটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিলো। আর এ কাজে সাহায্য করেছিলো রাজধানীর একটি প্রাইভেট ক্লিনিকের ডাক্তার।
আসল নাম গোপন করে নবা বাবু পরিচয়ে ঐ ডাক্তার বিদেশী গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে আন্ডারওয়ার্ল্ডের সাথে সখ্যতা রাখতো। আরমানের তথ্য অনুযায়ী ঐ ডাক্তারের ধানমন্ডির ক্লিনিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হানা দিলে সে গা ঢাকা দেয়। গ্রেনেড হামলাকারীদের মধ্যে কয়েকজন আহত হলে তাদের সেই ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছিলো।
এছাড়া খন্ডিত জাতীয় পার্টির এক সাবেক ওয়ার্ড কমিশনার প্রত্যক্ষভাবে গ্রেনেড হামলায় সহায়তা করেছে বলে অপর একটি গোয়েন্দা সূত্র দাবি করে। সূত্র জানায়, জাতীয় পার্টির ঐ নেতা এতোই প্রভাবশালী যে সে বিএনপি দলীয় এক ওয়ার্ড কমিশনার হত্যা মামলার আসামি হলেও দীর্ঘদিন ধরে বিএনপিরই এক সিনিয়র সংসদ সদস্যের প্রিয়ভাজন হয়ে প্রকাশ্যে চলাফেরা করতো। অবশ্য আরমান ধরা পড়ার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি।
আরমানের দেওয়া তথ্য মতে, আন্তর্জাতিক চক্রের মদদে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড এখন নিয়ন্ত্রণ করছে ভারতে আশ্রয় নেয়া খন্দকার নজরুল ইসলাম জয়। তার ‘অপারেশন উইং’ এর প্রধান হিসেবে কাজ করছে মগবাজারের মুকুল। ২১ আগস্টের হামলায় মুকুলই নেতৃত্ব দিয়েছিলো বলে আরমান জানায়।
এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, এতোদিন আমাদের হাতে শুধুমাত্র পাজল কার্ড ছিলো। এখন পাজল বোর্ড পাওয়ায় মিলে যাচ্ছে সব ধাঁধার উত্তর। কেবল দেশীয় প্রেক্ষাপটেই না, উপমহাদেশের প্রেক্ষাপটেও আরমানের রয়েছে “গোয়েন্দা ভ্যাল্যু”।
এদিকে ২১ আগস্ট গ্রেনেড মামলায় আটক ভারতীয় নাগরিক জর্জকে ৫ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার নতুন করে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়। সিআইডি সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলার জর্জ জড়িত ছিলো এবং ঐ হামলায় সে আহত হয়। আটক শীর্ষ সন্ত্রাসী আরমানের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তাকে ঢাকার বাইরে থেকে আটক করে।
এছাড়াও আরমানের স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেসুর রহমানকে সিআইডি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
