২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় ভারতীয়কে হস্তান্তর করার নির্দেশ

জেলার আমলী আদালত আটককৃত নয় ভারতীয় নাগরিককে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সূত্র জানায়, ম্যাজিষ্ট্রেট সফিউল আজম আটককৃত ভারতীয়দের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ডের রায় প্রদান করেন। ১৬ জুন আদালতের আদেশটি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে।

তবে তাদের বিরুদ্ধে আনীত নাশকতার অভিযোগ প্রমাণিত হয়নি বলে আদালত তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার সুবোধরঞ্জন সাহা আদালতের আদেশটি পাওয়ার পর আটক ওই নয় ভারতীয়কে হস্তান্তর করার বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে শনিবার লিখিতভাবে জানিয়েছেন।

দুয়েকদিনের মধ্যে নয় ভারতীয়কে হস্তান্তর করার প্রক্রিয়া শেষ হবে বলে সূত্র জানিয়েছে।

জানা যায়, মে মাসে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী এবং এক জন পদস্থ কর্মকর্তা কুমিল্লা কারাগারে আটক ভারতীয় নাগরিকদের সাথে দেখা করেন।

এছাড়া ভারতীয় কর্মকর্তারা কুমিল্লা জেলার প্রশাসক ও পুলিশ সুপারের সাথেও পৃথক পৃথকভাবে এ বিষয়ে বৈঠক করেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ গভীর রাতে লাকসাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ নির্মাণকালে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতার আশঙ্কায় ওই নয় ভারতীয়কে আটক করা হয়েছিল।