২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মতিঝিলে উত্তরা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

নগরীর মতিঝিল বাণিজ্যিক এলাকার উত্তরা ব্যাংকের ১৯ তলা ভবনের ৫ম তলায় শনিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি প্রাইভেট ফার্মের মূল্যবান কাগজপত্র ও সামগ্রী পুড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে ওই তলায় অবস্থিত আফতাব গ্রুপের চেয়ারম্যানের অফিসটি পুড়ে যায়। এতে কম্পিটউটার, এয়ার কন্ডিশনার এবং আসবাবপত্রসহ মোট প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র দাবি করেছে, ফ্লোব থেকে তারা প্রায় এক কোটি টাকার জিনিসপত্র অক্ষত উদ্ধার করতে পেরেছে। এছাড়াও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ওই ভবনের আর কোথাও আগুন ছড়িয়ে পড়তে পারেনি। সদরঘাট, পলাশি, মোহাম্মদপুর এবং খিলগাঁও থানার ফায়ার সার্ভিসসহ বিভিন্ন থানার মোট সাতটি এবং ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে আটটি ইউনিটসহ মোট ১৫টি অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের কারণে পুরো মতিঝিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তরা ব্যাংক ভবনের চারপাশে লোকজনের ভিড়ে যানজটের সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে আগুন নেভাতে গিয়ে তাদের বেশকিছু অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।