কুকুর বিড়াল পোষার জন্য ডিসিসি’র লাইসেন্স!
বিড়াল প্রেমীরা সাবধান! বাসায় বিড়াল পোষার জন্য ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কাছ থেকে অনুমতি নিয়েছেন কি? না নিয়ে থাকলে যে কোনো মুহুর্তে বিড়াল পোষার দায়ে আপনার বিরুদ্ধে দায়ের হতে পারে মামলা। জেল জরিমানাও হওয়াও বিচিত্র নয়।
বিস্ময়কর হলেও সত্যি, বিড়াল পোষার জন্য ডিসিসির কাছে নির্দিষ্ট ফি জমা দিয়ে লাইসেন্স করা বাধ্যতামূলক। ডিসিসির অধ্যাদেশ ১৯৮৩ এর ১০২/১ ধারায় পশুপাখি, বিশেষ করে বিড়াল, কুকুর পোষার জন্য করপোরেশনের অনুমতির কথা বলা হয়েছে।
ওই অধ্যাদেশের ১৭৩ টি ধরার মাত্র একটিতেই বিড়াল পোষার বিষয়ে ওই ধারার কথা উল্লেখ করা হয়। অথচ ওই বিধান লঙ্ঘনের জন্য শাস্তি বা জরিমানার কথা এতে বলা হলেও কি ধরণের শাস্তি বা জরিমানা করা হবে, ধারাটি এ বিষয়ে কিছুই বলা হয়নি।
আইন বিশেষজ্ঞরা জানান, ডিসিসি’র এই আইনের অপব্যবহার করে নিরীহ মানুষকে যে কেউ নাজেহাল করতে পারেন। হয়রানির অনেক উদাহরণও রয়েছে।
এমনি একটি মামলায় গত ১৬ জুন ১০ হাজার টাকার মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন নিয়েছেন খাজা সাইফুল্লাহ নামে ঢাকার বিখ্যাত নবাব পরিবারের এক সদস্য। সাইফুল্লাহর এক প্রতিবেশীর দায়ের করা মামলায় তাকে ডিসিসির প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নুরুল আলমের কাছ থেকে জামিন নিতে হয়।
উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৪৯/বি নম্বরের বাসিন্দা খাজা সাইফুল্লার এক প্রতিবেশী পূর্ব শত্রুতার জের ধরে গত ফেব্রুয়ারী মাসে উত্তরা জোন ১০ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তার কাছে অভিযোগ করেন যে সাইফুল্লাহ ডিসিসি’র অনুমতি ছাড়াই বাসায় বিড়াল পুষছেন।
এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি ওই জোনের একজন স্বাস্থ্য কর্মকর্তা সরেজমিনে তার বাসায় পরিদর্শনে গেলেও ওই বাসায় কোনো বিড়াল খুঁজে পাওয়া যায় নি।
সাইফুল্লাহর পরিবারের অভিযোগ, তদন্তকালে ওই স্বাস্থ্য কর্মকর্তা মামলা দায়ের করা হবে না এই শর্তে ঘুষও দাবি করেন। কিন্তু ঘুষ না দেওয়ায় ৩০ মে ডিসিসি’র আদালতে খাজা সাইফুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পশু পালন সম্পর্কিত এমন খোড়া আইন সম্পর্কে ডিসিসি’র অধিকাংশ ওয়ার্ড কমিশনারও অবহিত নন বলে জানা যায়। ডিসিসি’র ১৪ নম্বর ওয়ার্ড কমিশনার আরজুদা বাশার লাকি বিডিনিউজকে বলেন, বিড়াল বা কুকুর পোষার জন্য কোনো লাইসেন্স বা অনুমতির প্রয়োজন নেই। যে কেউ ইচ্ছা করলেই এসব প্রাণী পুষতে পারেন।
