সৌদি আরব ও বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক জোরদারে সম্মত
অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক সৌদি বাংলাদেশ জয়েন্ট কমিশন দু দেশের সার্বিক বিষয়ে সহযোগিতা আরও জোরদারের ব্যাপারে সম্মত হয়েছে।
১৩ বছর বন্ধ থাকার পর গত ১৪ ও ১৫ জুন সৌদি আরবের রাজধানী রিয়াদে কমিশনের ৮ম বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ ও ১৩ জুন দু পক্ষের মধ্যে কর্মকর্তা পর্যায়ে একটি প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়। ১৯৯২ সালে ঢাকায় কমিশনের ৭ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইআরডি সচিব মো. ইসমাইল জাবিউল্লাহ বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন। অন্যদিকে সৌদি আরবের পক্ষে প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী আব্দুর রহমান আল হামাদি।
বৈঠকে উভয় পক্ষ দু দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদের বিনিময় সফর বৃদ্ধি, ইপিবি ও সৌদি বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা উন্নয়ন এবং রফতানি উন্নয়নে বাণিজ্য ও দু দেশের বাজার সম্পর্কে পারস্পরিক তথ্য বিনিময়ের ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।
কমিশনের বৈঠকে সৌদি আরব বাংলাদেশে পলিমার, সার, সোডা ও খেজুর রফতানির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এবং বাংলাদেশ সৌদি আরবে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, পাটজাত পণ্য ও চাসহ অন্যান্য পণ্য রফতানির প্রস্তাব রেখেছে।
দু পক্ষই দ্বৈত কর পরিহারে একটি খসড়া চুক্তি সম্পাদনের ব্যাপারেও সম্মত হয়েছে। বিষয়টি বর্তমানে আলোচনাধীন রয়েছে।
এছাড়া বিদ্যুৎ, অবকাঠামো, প্রাকৃতিক গ্যাস, হোটেল, লৌহ ও ইস্পাত, টেলিযোগাযোগ, মৎস্য ও শিল্পকারখানাসহ অন্যান্য খাতে যৌথ বিনিয়োগ উৎসাহিত করার ব্যাপারেও দু পক্ষ সম্মত হয়েছে।
এজন্য দু পক্ষ সৌদি বাংলাদেশ শিল্প ও কৃষি বিনিয়োগ কোম্পানি লিমিটেডের সংস্কার কার্যক্রম করার ওপর জোর দিয়েছে।
বৈজ্ঞানিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে। এ জন্য দু দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বই-পুস্তক, গবেষণা, প্রকাশনা, কর্মশালা ও বিজ্ঞান বিষয়ক সভা-সম্মেলন আয়োজনের মাধ্যমে তথ্য বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা হবে।
স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞ নিয়োগের ব্যাপারেও সৌদি পক্ষ তাদের আগ্রহ প্রকাশ করেছেন। তাদের এ আগ্রহকে স্বাগত জানিয়ে বাংলাদেশ স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞ ছাড়াও প্রকৌশলী ও দক্ষ শ্রমিক সৌদিতে পাঠানোর ব্যাপারে সম্মতি জানায়।
কমিশনের এ অধিবেশনে দু পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু এবং সৌদি আরবের কাউন্সিল অব সৌদি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসসিসিআই) পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সাদ আই আল-মোয়াজেল এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
