২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত

দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘন্টায় সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, মাদারীপুরে দুইজন এবং গাজীপুরে দুইজন নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 11:21 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বিডিনিউজের মাদারীপুর প্রতিনিধি জানান, শিবচর থানায় শনিবার দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়। পুলিশ জানায়, উপজেলার বাখরের কান্দির কাছে ঢাকা-খুলনা মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় খোরশেদ আলম (৭০) নামে একজন বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়।

রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে জলিল মোল্লা (২৩) ঢাকা-বরিশাল মহাসড়কে খুলনাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় নিহত হয়। নিহত জলিল মোল্লার বাড়ি রাজৈর উপজেলার গঙ্গারামপুর গ্রামে।

টাঙ্গাইল প্রতিনিধি জানান,শুক্রবার রাতে জেলার বাসাইল উপজেলার ভাইখোলায় মির্জাপুর থেকে টাঙ্গাইলগামি একটি মটরসাইকেলের সঙ্গে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামি শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষে তিনজন মটরনাইকেল আরোহী নিহত হয়।

নিহতরা হচ্ছে কৃষক লীগের টাঙ্গাইল শহর শাখার যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম খান পাপ্পু (৩৬), মুরাদ (৩৫) ও মোরশেদ (২০)। এ ব্যাপারে বাসাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, জেলার মাস্টারবাড়িতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভার্জিনের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে শ্রীপুরগামি একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানের হেলপার এবং একজন যাত্রী ঘটনাস্থলে নিহত এবং ৩০ জন আহত হয়। গুরুতর আহত পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের গাজীপুর হাসপাতালে ভর্তি করা হয়।