বেতন বৈষম্য দূরীকরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় এমওডিসি সদস্যরা
বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ১৮তম কনস্টেবুলারির (এমওডিসি) সদস্যরা বেতন বৈষম্য দূরীকরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছে।
গত ১৬ জুন রেজিস্টার্ড ডাকযোগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবরে এই আবেদন পত্র পাঠানো হয়। তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কাছেও আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে।
তবে অনুলিপিতে সুনির্দিষ্টভাবে কোনও আবেদনকারীর নাম উল্লেখ না করে বলা হয়েছে তিন বাহিনীর সদস্যবৃন্দ।
মানবাধিকার সংস্থা সূত্র জানায়, আবেদনে বলা হয়েছে সম্প্রতি পে স্কেল ঘোষিত হওয়ার পর এমওডিসিদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তিন বাহিনীর বেতন স্কেল এক করা হলেও এমওডিসিদের ক্ষেত্রে অন্যরকম করা হয়েছে, যা অত্যন্ত নিম্নমানের এবং বৈষম্যমূলক।
আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে, এআর(আই) ১৬২ এবং ৬৫৩ এর এপেন্ডিক্স বিবি ও বি এ এ রুল ১৫১ অনুযায়ী এমওডিসি সেনা বাহিনীর একটি কনস্টেবুলারি। বাংলাদেশ সরকারের অর্ডিন্যান্স নং ১৯৭৮ এর ৮ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নোটিফিকেশন নং এসআরও ১৩৫এল/৮১ অনুযায়ী সেনাহিনীর জন্য প্রযোজ্য নীতিমালা ও সুযোগ সুবিধা এমওডিসিদের জন্যও প্রযোজ্য।
আবেদন পত্রে আরও বলা হয়, এমওডিসি (প্রতিরক্ষা মন্ত্রণালয় কনস্টেবুলারি) হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম কনস্টেবুলারি। সেনা, নৌ ও বিমান বাহিনীতে এর সদস্যরা কর্মরত। বর্তমানে সেনাবাহিনীতে এক হাজার , নৌবাহিনীতে পাঁচশ এবং বিমান বাহিনীতে ৭৫০ জন কর্মরত আছেন।
আবেদনকারীরা বলেন, সেনাবাহিনীর চাকরি বিধিমালা অনুযায়ী এমওডিসিদের দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম গুরুতর অপরাধ। তাই ন্যায় বিচারের স্বার্থে এমওডিসিদের বৈষম্য দূরীকরণে তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।
