জাপানে ‘শহীদ মিনার’ নির্মাণ করা হচ্ছে
জাপান বাংলাদেশ সোসাইটি (জেবিএস) এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় টোকিও’র ইকেবুকুরো শহরে নির্মাণ করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ে বাঙালি জাতির আত্ম বলিদানের স্মারক ‘শহীদ মিনার’।
অসাধারণ এ কাজটি সম্পন্ন হতে যাচ্ছে জাপান প্রবাসী সকল বাঙালির সম্মিলিত প্রচেষ্টায়।
আগামী জুলাই মাসে জাপানের টোকিও তোশিমা ইকেবুকুরো’তে এই ভাষা শহীদ মিনার নির্মিত হবে বলে উদ্যোক্তারা আশা করছেন।
এ বছর ২০ ফেব্রুয়ারি জাপানের বাংলা কাগজ ‘পরবাস‘ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম, জাপান আয়োজিত মহান একুশের আলোচনা অনুষ্ঠানে চিবা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত তরুণ বাংলাদেশী স্থপতি মাসুম ইকবাল জাপানে একটি শহীদ মিনার নির্মাণের প্রথম প্রস্তাব করেন।
পরে ১০ এপ্রিল টোকিও’র ইকেবুকুরোতে আয়োজিত বৈশাখী মেলা কমিটি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. সিরাজুল ইসলামের মাধ্যমে মেলায় উপস্থিত ‘তোশিমা ওয়ার্ড‘ কর্তৃপক্ষের হাতে হোসাইন মুনীরের নির্মিত একটি শহীদ মিনারের রিপ্লিকা উপহার দেয়। কমিটির পক্ষ থেকে একই সঙ্গে কর্তৃপক্ষকে ইকেবুকুরোতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের অনুরোধ করা হয়।
এ সময়ে বিশিষ্ট ব্যক্তিত্ব টেলিভিশন শাইখ সিরাজ, উপন্যাসিক ইমদাদুল হক মিলনসহ হাজারো প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের সূত্রে জানা যায়, এরই মধ্যে জাপান দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এ ব্যাপারে একাত্মতা ঘোষণা করেছেন। এখানে দেশমাতৃকার জন্য দলমত নির্বিশেষে সকলেই এক কাতারে শামিল। এ যেনো আরো এক ১৯৭১, যুথবদ্ধ বাঙালির বিজয়ের গৌরবগাঁথা!
পরে দূতাবাসের সাথে যোগাযোগের মাধ্যমে এবং জেবিএস ও প্রবাসী বাংলাদেশীদের উৎসাহে ওয়ার্ড কর্তৃপক্ষ একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণে তাদের সম্মতির কথা জানান।
এরইমধ্যে শহীদ মিনার নির্মাণে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এসেছে দূতাবাস, মেলা কমিটি, সাংবাদিক লেখক ফোরাম, প্রবাসী বাঙালিদের বিভিন্ন সংগঠন।
দূতাবাস কর্তৃপক্ষ তোশিমা ওয়ার্ডের প্রধানের সঙ্গে এ নিয়ে বেশ কয়েক বার বৈঠক করেন। গত ১৫ জুন বৈঠকে দীর্ঘ আলোচনায় রাষ্ট্রদূত এম. সিরাজুল ইসলাম ওয়ার্ড প্রধানকে ১৯৫২’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও এর তাৎপর্য, ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা ইত্যাদির গুরুত্ব বিশদ ব্যাখ্যা করেন।
একই সঙ্গে তিনি তোশিমা ওয়ার্ড এ এমন একটি শহীদ মিনার হলে দুদেশের বন্ধুত্ব আরো প্রগাঢ় হবে বলে ব্যাখ্যা করেন।
এছাড়া আগামী জুলাই মাসে জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমি আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাপান সফর এবং সে সময় যদি তাঁকে দিয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করানো যায়, তাহলে তোশিমা ওয়ার্ড আন্তর্জাতিকভাবে মাইল ফলক হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
টোকিও’র প্রাণকেন্দ্র ইকেবুকুরো শহরে প্রতিদিন কয়েক লাখ লোকের আনাগোনা হয়। সেখানেই প্রতি বছর টোকিও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে খ্যাতিমানরা আমন্ত্রিত হয়ে আসেন এই মেলায়। আর এখানেই নির্মাণ করা হবে ঐতিহাসিক ভাষা শহীদ মিনার।
