২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গণপিটুনিতে ২ সন্দেহভাজন চাঁদাবাজ নিহত

খুলনার কেডিএ নিউমার্কেট এলাকায় রোববার গণপিটুনিতে দুই সন্দেহভাজন চাঁদাবাজ নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করতে না পারলেও স্থানীয় একটি সূত্র জানায়, নিহত দুজন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সক্রিয় সদস্য ফারুক ওরফে হারুন (২৮) ও জিএম আব্দুল কাদের ওরফে কাদের (২২)।

পুলিশ জানায়, রোববার সকালে চাঁদাবাজরা টেলিফোনে কেডিএ নিউমার্কেট এবং দক্ষিণবঙ্গ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাসের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। গফ্ফার বিশ্বাস ৫০ হাজার টাকা দিতে স্বীকার করে তাদের বিকেল ৩টায় নিউমার্কেটের বায়তুন নূর মসজিদের কাছে আসতে বলেন।

নির্ধারিত সময়ে দুই চাঁদাবাজ টাকা নিতে হাজির হলে স্থানীয় জনগণ তাদের ধরে গণপিটুনি দেয়। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

চাঁদা দাবির কথা স্বীকার করে গফ্ফার বিশ্বাস বলেন, সকালে জিএম কাদের জনযুদ্ধের পরিচয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

তবে খুলনা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (সদর দফতর) বলেন, নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি।