২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার সাংবাদিক গোলাম মাহফুজ হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে পুলিশ

দৈনিক কুমিল্লা মুক্তকন্ঠ এর সম্পাদক ও প্রকাশক গোলাম মাহফুজ হত্যাকান্ডে ব্যবহৃত ১৪ ইঞ্চি চাপাতিটি পুলিশ উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আইয়ুবের দেয়া তথ্যমতে পুলিশ কুমিল্লা মুক্তকন্ঠ অফিস সংলগ্ন পুকুর থেকে এ চাপাতিটি উদ্ধার করে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 10:21 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

গোলাম মাহফুজ হত্যাকান্ডের ঘটনায় তার বড়ভাই হুমায়ুন বাদী হয়ে সোমবার রাতে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট আসামির নাম উল্লেখ করা হয়নি। মামলায় বলা হয়েছে, পত্রিকার সম্পাদক হিসেবে রিপোর্টিংয়ের জন্যে বিভিন্ন জনের সঙ্গে শত্রুতা থাকতে পারে।

মামলা দায়ের করার আগে গ্রেফতারকৃত কুমিল্লা মুক্তকন্ঠের অফিস পিয়ন আইয়ুব আলী (৩০), নিহত সাংবাদিক গোলাম মাহফুজের ব্যবসায়িক পার্টনার কুমিল্লা শহরের পুলিশ লাইনের শিউলি ওয়াচের মালিক মন্টু আচার্যের দোকান কর্মচারি রিপন আচার্য (২৪), মন্টুর ভাতিজি জামাই সুভাষকে (২৫) এই মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে ৪ সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

পুলিশ সূত্রগুলো জানায়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা জিজ্ঞসাবাদ চলে। জিজ্ঞাসাবাদকালে আইয়ুব আলীর দেয়া তথ্য মতে পুকুর থেকে পুলিশ ওই চাপাতিটি উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদকালে পিয়ন আইয়ুব আরও জানায়, গোলাম মাহফুজের সঙ্গে ঝগড়াঝাটির কারণে হত্যাকান্ডের একদিন আগে সে অফিসস্থল ছেড়ে বাড়িতে চলে যায়।

পুলিশ মঙ্গলবার দুপুরে দৈনিক কুমিল্লা মুক্তকন্ঠ এ প্রকাশিত পত্রিকার কপিগুলো, রক্তমাখা কাপড়-চোপড়, ব্যাংকের কাগজপত্র সিজ করে নিয়ে যায়।

এদিকে সাংবাদিক গোলাম মাহফুজ হত্যাকান্ডের পর থেকে তার ব্যবসায়িক পার্টনার শিউলি ওয়াচের মালিক মন্টু আচার্য পলাতক রয়েছে। মন্টু যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্যে পুলিশ সীমান্ত এলাকাসহ দেশের সকল থানায় জরুরি বার্তা পাঠিয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লুৎফুল কবির বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত চাপাতি এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে দেখা হচ্ছে। অল্প সময়ের মধ্যে খুনীদের সনাক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কয়েকটি জাতীয় দৈনিকে কুমিল্লায় নিহত সাংবাদিক গোলাম মাহফুজের হত্যাকান্ডের সঙ্গে হিজড়া সংক্রান্ত বিষয় জড়িয়ে সংবাদ প্রকাশ করায় কুমিল্লার সুশীল সমাজ, সাংবাদিক ও জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভা শেষে উপস্থিত বিক্ষুব্ধ জনতা প্রথম আলো, জনকন্ঠ ও স্থানীয় দৈনিক রূপসী বাংলা’র কপিতে অগ্নি সংযোগ করেন।