বিমান স্টিয়ারিং কমিটিকে না জানিয়ে উড়োজাহাজ কেনাবেচা করলে চরম ব্যবস্থা নেওয়া হবে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতে বিমানের কর্মকর্তা-কর্মচারিদের সংগঠনগুলোর স্টিয়ারিং কমিটিকে না জানিয়ে উড়োজাহাজ কেনা-বেচা করলে কমিটির পক্ষ থেকে চরম ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার স্টিয়ারিং কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্র জানায়, এতে স্টিয়ারিং কমিটিভুক্ত সব ক’টি সংগঠন মতৈক্যে পৌঁছে, বিমান যদি ভবিষ্যতে প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নতি না করেই স্টিয়ারিং কমিটিকে পাশ কাটিয়ে উড়োজাহাজ কেনাবেচা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেয়, তবে সংগঠনগুলো এক সঙ্গে কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে তুলবে।
স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ফখরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিমানের পাইলট অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, কেবিন ক্রু অ্যাসোসিয়েশন, এয়ারক্রাফট ওনার্স অ্যাসোসিয়েশন, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, এমপ্লয়িজ ইউনিয়ন-এসব সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন।
এ বিষয়ে বাপা সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন নাসিম বিডিনিউজকে জানান, কমিটির সভায় বাংলাদেশ বিমানকে পূর্ণ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, কমিটির সভায় বিমানের কর্মকর্তা-কর্মচারিদের বেতন তিনগুণ করতে হবে বলেও সকলে মতৈক্যে পৌঁছেন।
বাপা সভাপতি ক্যাপ্টেন নাসিম বলেন, আমাদের এ সব সিদ্ধান্ত আল্টিমেটামসহ দাবি-দাওয়া আকারে শিগগিরই কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হবে।
গত ২৩ মার্চ বিমান পরিচালনা পর্ষদের এক সভায় প্রতিষ্ঠানের জন্যে বোয়িং ৭৭৭, এয়ারবাস ৩০০সহ নতুন ধরনের আরও ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানের উড়োজাহাজ বহরে এখন ছয়টি ডিসি ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ ২৮ রয়েছে।
