পাটগ্রাম সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ও গ্রামবাসীর ধাওয়া খেয়ে পলায়ন: বিএসএফ’র দুঃখ প্রকাশ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের অভ্যন্তরে দুজন বিএসএফ সদস্যের অনুপ্রবেশ এবং গ্রামবাসীর ধাওয়া খেয়ে গুলিসহ ম্যাগজিন রেখে পালানোর ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এবং ম্যাগাজিন ও গুলি ফেরত চেয়ে বিডিআর’র কাছে বিএসএফ’র পোস্ট কমান্ডার পর্যায় থেকে চিঠি দেওয়া হয়েছে।
বিডিআর ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার ভারতের কুচবিহার এলাকার সাপজাচিয়া ক্যাম্প থেকে দুজন বিএসএফ সদস্য বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের ৮৭১/৫ নং পিলারের কাছ দিয়ে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে প্রবেশ করে। এ ঘটনা এলাকাবাসী জানতে পেরে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় তারা চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন ফেলে যায়।
সূত্র আরও জানায়, এ ঘটনার পর বিএসএফ’র পোস্ট কমান্ডারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে এবং ম্যাগজিন ও গুলি ফেরত চেয়ে বিডিআর’র কাছে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে বিডিআর চিঠির প্রাপ্তি স্বীকার করে এবং ঘটনাটি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানিয়ে বিএসএফ’র কাছে মঙ্গলবার চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।
